২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ‘মানসিক নির্যাতনে’ জামায়াত নেতার মৃত্যু

ঢাকায় পুলিশের ‘মানসিক নির্যাতনে’ এক নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 02:20 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, রোববার দুপুরে মিছিল থেকে আটকের পর আবুল আলা মো. ইকবাল নামে ওই নেতার ওপর মানসিক পীড়ন চালানো হয়। এরপর হাসপাতালে তিনি মারা যান।

পুলিশ ইকবালকে আটক এবং নির্যাতনের দুই অভিযোগই নাকচ করেছে।

রাজধানীর শিল্পাঞ্চল (তেজগাঁও) থানার আমির এবং ঢাকা মহানগর কমিটির মজলিসে শূরার সদস্য ইকবাল (৪৫) একটি বেসরকারি কলেজের শিক্ষক ছিলেন।

যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমের রায়ের দিন ঠিক হওয়ার পর রোববার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। বিভিন্ন স্থানে ভাংচুর ও গাড়িতে আগুন দেয়াও হয়। সোমবার হরতালও ডেকেছে দলটি।   

মহাথালীতে মিছিলের সময় ইকবালকে পুলিশ আটক করে বলে দাবি করেন জামায়াতের ঢাকা মহানগর কমিটির মজলিসে শূরার সদস্য আজম কামাল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাখালী এলাকায় একটি মিছিল বের করা হলে পুলিশ লাঠিচার্জ করে তা ছত্রভঙ্গ করে দেয় এবং ইকবালকে আটক করে।

“পরে তাকে আটক করে নিয়ে মানসিক নির‌্যাতন চালায় এবং ২০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়। পুলিশ ছেড়ে দেয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।”

ইকবালকে মহাখালীর মেট্রোপলিটান মেডিকেল সেন্টারে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, জামায়াত নেতা আগেই মারা গেছেন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মুনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আমরা শুধু মৃত ঘোষণা করেছি।”

ইকবালের দেহে আঘাতের বাহ্যিক কোনো চিহ্ন দেখেননি বলে জানান এই চিকিৎসক। মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্ত হলে তা জানা যাবে।

জামায়াত নেতা কামাল বলেন, “তিনি (ইকবাল) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন”।

ডা. মনির জানান, মৃত ঘোষণার পরপরই স্বজনরা ইকবালের লাশ নিয়ে যায়।

জামায়াতের অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইকবাল নামে কোনো জামায়াত নেতাকে পুলিশ আটক বা গ্রেপ্তার করিনি। ফলে টাকা নেয়া বা ছেড়ে দেয়ার অভিযোগ অবান্তর।”

পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকায় আইনি কোনো ব্যবস্থা নেবেন কি না- জামায়াত নেতা কামাল বলেন, দলের শীর্ষ পর্যায়ের নেতারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।