পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে বিলের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মাসুম মিয়া (৩৫) কালিগঞ্জ থানার নাগরী গ্রামের বাসিন্দা। তিনি মাদকসেবী ও মাদক ব্যবসায়ী ছিলেন বলে অভিযোগ করেছে পুলিশ।
শনিবার রাত ১০টার দিকে টঙ্গী জেনারেল হাসপতালে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, মাদক সেবন ও বিক্রির হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ নাগরী গ্রামের পাশে বিলের পাড়ে যায়।
“সেখানে গিয়ে পুলিশ মাসুম, আফছার ও দুলালকে ইয়াবা সেবন করতে দেখতে পায়। পুলিশ দেখে মাসুম আত্মরক্ষার্থে বিলে ঝাঁপ দিয়ে ডুবে যায়।”
পুলিশ দুলাল মিয়া (৩৪) ও আফছার উদ্দিনকে (৪০) আটক করে।
পরে স্থানীয়দের সহায়তায় বিল থেকে মাসুমকে উদ্ধার করা হয় বলে জানান এএসআই দেলোয়ার।
তিনি জানান, মাসুমকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টঙ্গী জেনারেল হাসপাতালে নেয়া হলে রাত ১০টায় তিনি মারা যান।
কালীগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, এরা তিনজনই এলাকার চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসয়ায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
