২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাতিল নয়, কোটা পুনর্বিন্যাসে ‘একমত’ দুইদল

সরকারি নিয়োগে কোটা বাতিলের আন্দোলনের মধ্যে সরকার ও প্রধান বিরোধী দলের দুই প্রতিনিধি এক অনুষ্ঠানে দৃশ্যত ‘পুনর্বিন্যাসের’ পক্ষেই মত দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 05:45 PM

Updated : 25 Apr 2022, 06:58 PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ক্ষমতায় গেলে তারা কোটা প্রথার ‘পুনর্বিন্যাস’ করবেন।

পুনর্বিন্যাসে দ্বিমত না থাকলেও আন্দোলনের নামে সহিংসতাকে সমর্থন করা যায় না বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।

শনিবার বিকালে রাজধানীর বাংলা একাডেমী মিলনায়তনে বিবিসি বাংলা আয়োজিত সংলাপ অনুষ্ঠানে এক দর্শকের প্রশ্নের উত্তরে মোশাররফ বলেন, “ক্ষমতায় আসতে পারলে আমরা আন্দোলনরত ছাত্রদের প্রতিবাদকে সামনে রেখে কোটা পদ্ধতির পুনর্বিন্যাস করবো।”

একই সঙ্গে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, “তারা সহিংসতা করেনি। সরকারি দলের লোকদের লেলিয়ে দিয়ে এটাকে সহিংসতায় রূপ দেয়া হয়েছে।”

সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের পক্ষে যুক্তি তুলে ধরে সাবেক মন্ত্রী বলেন, “স্বাধীনতার ৪২ বছরে রাজধানীর সাথে দেশের অন্যান্য জেলাগুলোর যোগাযোগব্যবস্থা ভাল হওয়ায় জেলাকোটা রাখা কতখানি যুক্তিযুক্ত সেটা বিবেচনায় আনা উচিত।”

একই সাথে স্বাধীনতা পরবর্তী অবস্থার চেয়ে বর্তমানে নারীরা ‘সুবিধাজনক’ অবস্থানে রয়েছে মন্তব্য করে নারী কোটা রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রাখেন মোশাররফ।

বিবিসি সংবাদদাতা আকবর হোসেনের সঞ্চালনায় এই সংলাপ অনুষ্ঠানে অন্য প্যানেল আলোচকদের মধ্যে ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং ‘উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা’র (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আখতার।

খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, “সার্বিকভাবে এটা পর‌্যালোচনা করার সুযোগ হয়তো রয়েছে। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা কোনোভাবেই মেনে নেয়া যায় না।”

“মেধা যে দেখা হচ্ছে না তা না। তারপরও আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার যেখানে এটা পুনর্বিবেচনার কথা বলেছে সেখানে এই যে জ্বালাও পোড়াওয়ের অর্থ কি?”

অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রাখার পক্ষে মত দিয়ে ফরিদা আখতার বলেন, “কোটা ব্যবস্থার পুনর্বিন্যাস করার সময় এসেছে। যারা আন্দোলন করছেন তাদের কিছু যুক্তি আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়।”

একইসাথে বর্তমানে যে কোটা ব্যবস্থা বিদ্যমান তাতে এর রাজনৈতিক ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে’র (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান কোটার রাজনৈতিক ব্যবহার বিষয়ে ফরিদা আখতাদের সঙ্গে সহমত পোষন করে বলেন, “অবশ্যই এই কোটা ব্যবস্থার পুনর্বিন্যাস দরকার।”

বর্তমান ব্যবস্থায় ‘মেধার অবমূল্যায়ন হচ্ছে’ বলেও মন্তব্য করে তিনি।

এছাড়া সংলাপে সম্প্রতি প্রকাশিত টিআইবির রিপোর্ট এবং পোশাক খাতের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়।