নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
কয়েকটি নদীর পানি কমলেও পদ্মা, যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র ও আত্রাইয়ের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
কয়েকটি স্থানে শুরু হয়েছে ভাঙন। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে পদ্মা নদীর বাড়লেও এখনো বিপদসীমার নিচে রয়েছে।
যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
আত্রাই নদীর পানি বৃদ্ধিতে নওগাঁর বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে।
পুরাতন ব্রহ্মপুত্র নদের সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ জামালপুর শহররক্ষা বাঁধের ৮টি স্থানে ধসে গেছে।
কুড়িগ্রামের সাবির্ক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও হাজার হাজার মানুষ এখনো পানিবন্দি।
গাইবান্ধায় কয়েকটি নদীর পানি সামান্য কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
ফরিদপুর: পদ্মা নদীর পানি একদিনে আরো বাড়লেও বিপদসীমার নিচে রয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন শনিবার জানান, গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি ১৩ সেন্টিমিটার বেড়েছে। তবে, এখনো বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয়রা জানান, সদর উপজেলার আলিয়াবাদ, চরমাধবদিয়া ও নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মা তীরবর্তী প্রায় ২০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আট শতাধিক পরিবারের ঘরবাড়িতে পানি ঢোকে। এছাড়া বোনা আমন ও বিভিন্ন সবজি ক্ষেতে পানি ঢুকেছে।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামান জানান, “পদ্মা নদীর তীর ঘেঁষা কিছু এলাকায় পানি এসেছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছি।”
সিরাজগঞ্জ: যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এখনও বিপদসীমার ৫২ সেন্টিমিটার নিচে রয়েছে।
সিরাজগঞ্জ সদর, কাজিপুর, শাহজাদপুর, চৌহালী, বেলকুচি ও চলনবিন এলাকার নিম্নাঞ্চলের বেশকিছু ইউনিয়নে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
চৌহালী উপজেলা পরিষদ ভাঙন এলাকা থেকে মাত্র ১০ মিটার দূরে থাকায় জরুরি কাগজপত্র ও আসবাবপত্র নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাকির রহিম শাহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাজিপুর, শাহজাদপুর ও চৌহালী উপজেলার কয়েকটি স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে।
নওগাঁ: নওগাঁয় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। আত্রাই নদীর পানি আরো বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে আত্রাই ও শাখা নদী ফকিন্নীর অন্তত অর্ধশতাধিক পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এলাকাবাসী জানান, গত ২৪ ঘন্টায় আত্রাই নদীর পানি আরো ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে আত্রাই ও শাখা নদী ফকিন্নীর দুই তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে।
বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিমবাড়িয়া, কামারকুড়ি, জোতবাজার পালপাড়া, পারনুরুল্লাবাদ, তালপাতিলা, শহরবাড়ি, চকহরি নারায়ণ, নিখিরাপাড়া, করতিপাড়া পয়েন্টগুলো ঝুঁকিতে রয়েছে।
স্থানীয়রা রাত জেগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এসব বাঁধ মেরামতের কাজ করে যাচ্ছেন। এলাকার বিত্তবানরা চটের বস্তাসহ বিভিন্ন উপকরণ দিয়ে লোকজনদের সহায়তা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার জাহান জানান, নদীর পানি যেভাবে বাড়ছে তাতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঝুঁকিপূর্ণ জায়গাগুলো এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামত করছে।
বন্যা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং করছে বলেও তিনি জানান।
জামালপুর: পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্র ভাঙন শুরু হয়েছে। সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ জামালপুর শহররক্ষা বাঁধের ৮টি স্থানে ধসে গেছে।
এতে হুমকির মূখে পড়েছে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পরিষদ, জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পৌরসভা ভবন, প্রধান ডাকঘরসহ সরকারি-বেসরকারি অনেক স্থাপনা।
ব্রহ্মপুত্রের ভাঙন থেকে জামালপুর শহরকে রক্ষা করতে শনিবার দুপুর থেকে বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে জামালপুর পানি উন্নয়ন বোর্ড।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম জানান, শহরকে রক্ষা করতে প্রাথমিকভাবে স্ট্রিপ-২ প্রকল্পের আওতায় ৪৬ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।
অনেকেই ঘরের ভেতর মাচা করে কিংবা নৌকায় আশ্রয় নিয়েছেন। উঁচু এলাকায় আশ্রিত অনেকেই ঘরে ফিরতে পারেননি। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বন্যার্তদের বেশিরভাগ এখনো কোনো ত্রাণ সহায়তা পাননি। অপেক্ষাকৃত বেশি ক্ষতিগ্রস্ত ইউনিয়নে বরাদ্দ পাওয়া গেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
জেলা প্রশাসক এ বি এম আজাদ জানান, এ পর্যন্ত ১০০ মেট্রিক টন চাল ও পাঁচ লাখ টাকা দুর্গত এলাকায় বিতরণের জন্য উপজেলা পর্যায়ে বরাদ্দ দেয়া হয়েছে, যা বিতরণ চলছে। নতুন করে আরো ১০০ মেট্রিক টন চালের বরাদ্দ শনিবার পাওয়া গেছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি ৩৫ সেন্টিমিটার কমলেও এখনো বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। অপরদিকে ব্রহ্মপুত্রের ১১ ও তিস্তায় ৩৭ সেন্টিমিটার পানি কমেছে। পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙন প্রকট আকার ধারণ করেছে।
গাইবান্ধা: গাইবান্ধায় কয়েকটি নদীর পানি সামান্য কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্গত এলাকায় মানুষের দুর্দশা বেড়েছে। ঘর-বাড়িতে পানি জমায় রান্নাসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গবাদি পশুর দুর্দশা বেড়ে গেছে। সংকট দেখা দিয়েছে গোখাদ্যের। কোনো কোনো এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার বন্যা উপদ্রুত এলাকায় রাস্তা-ঘাট ডুবে যাওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা মো. আসাফুদ্দৌলা জানান, গত ২৪ ঘণ্টায় তিস্তামুখঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ১২ সেন্টিমিটার কমলেও এখনো বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া ঘাঘট ও তিস্তার পানি কিছুটা কমেছে। তবে করতোয়ার পানি ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
তিনি আরো জানান, নদীর পানি বৃদ্ধিতে সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত তিন দিনে অর্ধশতাধিক বাড়িঘর ব্রহ্মপুত্র-যমুনা গর্ভে বিলীন হয়ে গেছে।
সিভিল সার্জন মো. আহাদ আলী জানান, চরাঞ্চলের বন্যা উপদ্রুত এলাকায় ২০টি মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে কাজ করছে।
জেলা প্রশাসক কাজী আনোয়ারুল হক জানান, ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ দেয়া দুইশ’ মেট্রিকটন চাল ও নগদ পাঁচ লাখ টাকা তিনি শুক্রবার ও শনিবার ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করেছেন।
