সাভারে ৫ ছিনতাইকারী আটক
সাভারে ছিনতাইকারী সন্দেহে পাঁচ ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে জনতা।
শনিবার দুপুরে সাভার পৌর এলাকার দিলখুশাবাগ মহল্লায় এ ঘটনা ঘটে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন জুনায়েদ হোসেন (২৪), রনি (১৮), সুমন (২০), আল আমীন (২৩) ও অন্তর (১৬)।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার সামসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে দিলখুশাবাগ এলাকার একটি চায়ের দোকানে বসে ছিনতাইকারীর দল প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়রা বুঝতে পেরে তাদের ধাওয়া করে।
এ সময় পাঁচজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করে।
ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত একটি রাম দা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
