উল্লাপাড়ায় বিএনপির দুইপক্ষের কর্মসূচিতে ১৪৪ ধারা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই দিনে একই স্থানে বিএনপির দুইপক্ষ ইফতার মাহফিল ও আলোচনা সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার বেলা ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকার জিনিয়াস কোচিং ও মামুন হল এলাকায় সব ধরনের সভা সমাবেশের উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উল্লাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এম আকবর আলী ও উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক আজাদ হোসেন একই দিনে একই স্থানে ইফতার মাহফিল ও আলোচনা সভা আহ্বান করে শহরে মাইকিং করে। এ নিয়ে দুইনেতার অনুসারী নেতারকর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপির দুইপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
