২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অবরোধে যান চলাচল ব্যাহত

আকস্মিক বন্ধের প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 07:20 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার ব্লু সীল ট্রেক্সটাইল কারখানার শ্রমিকেরা প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

পরে গাজীপুর শিল্পাঞ্চল, মাওনা হাইওয়ে থানা ও শ্রীপুর থানা পুলিশ এসে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেয়।

শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ ১১ জুলাই জুন মাসের বেতন পরিশোধ করে। ১৩ জুলাই তারা কাজে যোগ দিতে এসে কারখানা গেটে অনির্দষ্টকালের ছুটির নোটিশ দেখতে পায়।

নোটিশ দেখে চারশ’ শ্রমিক কারখানা গেটে শ্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে।

তাদের অভিযোগ, চলতি মাসের ১২ দিনের মজুরি ও ঈদ বোনাস না দেয়ার জন্য কর্তৃপক্ষ হঠাৎ ছুটি ঘোষণা করেছে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরীফুল ইসলাম জানান, উৎপাদিত পণ্যের চাহিদা কম থাকায় কর্তৃপক্ষ হঠাৎ করেই কারখানা ছুটির ঘোষণা করে। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে।

কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাসে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।