দেশে পৌঁছেছে ড. এম জহিরের মরদেহ
বিশিষ্ট আইনজীবী ড. এম জহিরের মরদেহ থাইল্যান্ড থেকে দেশে পৌঁছেছে। সুপ্রিম কোর্ট ও ধানমন্ডিতে দুটি জানাজার পর বিকালে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
সেখান থেকে কফিন নিয়ে যাওয়া হয় জহিরের কর্মস্থল সুপ্রিম কোর্টে, সেখানে প্রথম জানাজার পর ধানমন্ডিতে নিজের বাসভবনে নিয়ে যাওয়া হবে তার মরদেহ।
আসরের পর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে দ্বিতীয় জানাজার পর রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
ক্যান্সারে আক্রান্ত ড. জহির বৃহস্পতিবার ব্যাংককের একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
ড. জহিরের বাবা এম আসির পাকিস্তান হাই কোর্টের বিচারক ছিলেন। তার ভাই মোহাম্মদ জমির অবসরপ্রাপ্ত একজন সরকারি কমকর্তা এবং সাবেক প্রধান তথ্য কমিশনার।
১৯৬২ সালে আইন পেশায় যোগ দেয়া জহির মূলত কোম্পানি আইন বিশেষজ্ঞ হলেও সংবিধানের বিভিন্ন বিষয়েও তার মত গুরুত্বের সঙ্গে নেয়া হতো। সংবিধান সংশোধন সংক্রান্ত মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে তার বক্তব্যও শোনে সর্বোচ্চ আদালত।
ড. এম জহির অ্যান্ড অ্যাসোসিয়েটস নামে একটি ল ফার্ম রয়েছে তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও আইন পড়িয়েছেন।
ইংরেজি সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেন জহির।
১৯৬২ সালে তিনি তৎকালীন ঢাকা হাই কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৬৪ সালে তিনি লন্ডন ইউনিভার্সিটি থেকে এলএলএম ডিগ্রি নেন। একই বিশ্ববিদ্যালয় থেকে কোম্পানি আইন বিষয়ে ১৯৬৫ সালে ডক্টরেট ডিগ্রি নেন তিনি।
১৯৭৪-৭৫ সালে অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল অফিসে কাজ করার পর ১৯৭৮ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এম জহির।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
