শ্রীনগরে ছাত্রলীগের দু’নেতার নামে মামলা, বহিষ্কার
মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার ছাত্রলীগের দুই নেতার নামে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষকরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন।
এছাড়া উপজেলা ছাত্রলীগ থেকে ওই দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার কলেজে ভর্তি ও অধ্যক্ষের অনুমতি না নিয়েই চেয়ার বসার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ শিকদার পনির ও শ্রীনগর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্যারট অধ্যক্ষকে লাঞ্ছিত করেন।
এ ঘটনার পর স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ অধ্যক্ষের হাত ধরে দুঃখপ্রকাশ করেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন বলে জানান উপাধ্যক্ষ গোলাম কিবরিয়া।
শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, কলেজের অধ্যক্ষ বাদী হয়ে দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ও র্যাব তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
ওই দুই নেতাকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সুমন।
