খাগড়াছড়িতে টেলিটক সেবাকেন্দ্রে তালা দিয়েছে বিক্ষুদ্ধরা
রাষ্ট্রায়াত্ত মোবাইল ফোন কোম্পানি টেলিটকের চার কর্মকতাকে অপহরণের ঘটনায় বিক্ষুব্ধরা খাগড়াছড়িতে প্রতিষ্ঠানটির গ্রাহক সেবাকেন্দ্র বন্ধ করে দিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা গ্রাহক সেবাকেন্দ্র থেকে কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে তালা মেরে দিয়েছে।
গত সোমবার রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে টেলিটকের ৪ কর্মকর্তা-কর্মচারীকে অপহরণ করা হয়।
বাঙালি ছাত্র পরিষদের যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মজিদ সাংবাদিকদের জানান, চারদিন ধরে রাষ্ট্রীয় একটি মোবাইল কোম্পানির ৪ কর্মকর্তা-কর্মচারীকে অপহরণ করা হলেও কর্তৃপক্ষের কোন উদ্যোগ চোখে পড়ছে না।
ফলে অপহৃতদের পরিবারে উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছে। অপহৃতরা উদ্ধার না হওয়া পর্যন্ত সেবাকেন্দ্রটি খুলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মজিদ।
খাগড়াছড়ি টেলিটক গ্রাহক সেবাকেন্দ্রের ব্যবস্থাপক আতাউর রহমান জানান, অপহৃতদের উদ্ধারের বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা তার জানা নেই।
