স্বেচ্ছাসেবক লীগ নেতা টিপুও মারা গেলেন
পাবনায় গুলিবিদ্ধ হওয়ার ৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা টিপু চৌধুরী।
বুধবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন টিপুর (৩০) পরিবারের সদস্যরা।
১লা জুলাই পাবনা পৌর এলাকার একটি ক্লাবে বসে দাবা খেলার সময় জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রশিদ ও টিপু চৌধুরীর উপর গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাদেরকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক মামুনকে মৃত ঘোষণা করেন।
টিপুর অবস্থা সঙ্কাটাপন্ন হওয়ায় ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
৩ জুলাই নিহত মামুনুর রশিদের স্ত্রী ফাতেমা খাতুন ও টিপু চৌধুরীর ভাই জালাল চৌধুরী খোকন বাদি হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেন।
হত্যা ও অস্ত্র আইনে দায়েরকৃত দুটি মামলাতেই ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
টিপু চৌধুরীর ভাই জালাল চৌধুরী খোকন অভিযোগ করেন, এ ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৫ জুলাই একজনকে সন্দেহভাজন হিসাবে আটক করা হয়েছে।
“তবে তদন্তের স্বার্থে তার পরিচয় জানানো যাবে না।”
