২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিকার-টিআই’র কাছে তথ্য চেয়ে চিঠি

মানবাধিকার সংগঠন অধিকার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যালের (টিআই) প্রকাশিত দুটি প্রতিবেদনের তথ্য-উপাত্ত চেয়ে চিঠি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 04:05 PM

Updated : 25 Apr 2022, 06:58 PM

বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

অধিকার প্রকাশিত ‘হেফাজতে ইসলাম, বাংলাদেশের সমাবেশ এবং মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক তথ্যানুসন্ধান প্রতিবেদনে শাপলা চত্বরে ৬১ জন নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ প্রতিবেদনের বিষয়ে সংস্থাটির পরিচালকের কাছে তথ্যমন্ত্রীর একান্ত সচিব শহীদুল হক ভূঁঞার পাঠানো চিঠিতে ৬১ জনের পূর্ণাঙ্গ পরিচয়, নাম, ঠিকানা চেয়ে বলা হয়, ৫ মে বিভিন্ন পত্রপত্রিকার কোথাও ১৬ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া না গেলেও প্রতিবেদনে ৬১ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে।

“ফলে ওই রাতে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী ও হেফাজতের সংঘর্ষে নিহতের সংখ্যা নিয়ে ভ্রান্ত ধারণার অবতারণা হয়েছে।”

এছাড়া টিআই’র ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার ২০১৩’ শীর্ষক জরিপ প্রতিবেদন চেয়ে সংগঠনের প্রধান নির্বাহীর কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়।