ঠাকুরগাঁওয়ে বন্যা দূর্গতদের পাশে ফখরুল
ঠাকুরগাঁওয়ের বন্যা দূর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে নিজ এলাকা ঠাকুরগাঁও শহরের কয়েকটি আশ্রয়কেন্দ্রে এক হাজারের বেশি মানুষের মধ্যে খাদ্য ও ওষুধ বিতরণ করেন তিনি।
মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলে রোববার রাত থেকে শহরের ভেতর দিয়ে প্রবাহিত টাঙ্গন নদীর পানি বাঁধ উপচে টিকিয়া পাড়া, ডিসি বসতি, হঠাৎ পাড়া, খালপাড়া. মুন্সিপাড়ার প্রায় সব বাড়িঘরই তলিয়ে গেছে।
এছাড়াও পানিতে তলিয়ে গেছে বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈল উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রাম। ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্কুল-কলেজ এবং শিল্পকলা একাডেমীতে আশ্রয় নিয়েছে পানিবন্দি মানুষ।
বিভিন্ন আশ্রয় কেন্দ্রের অন্তত এগারো’শ ব্যক্তির মধ্যে পরিবার প্রতি আট কেজি চাল, আলু, মোমবাতি, ম্যাচ ও ওষুধ বিতরণ করেন তিনি।
এ সময় ত্রাণ না দেয়ায় সরকারের সমালোচনাও করেন।
তিনি অভিযোগ করেন, বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের দূর্দশা লাঘবে এই সরকার কোন ভূমিকা রাখেনি।
