ফিরছেন আরো ৩ নাবিক
আন্দামান সাগর থেকে জীবিত উদ্ধার এমভি হোপের তিন নাবিক বৃহস্পতিবার দেশে ফিরছেন।
দুর্ঘটনা কবলিত হোপের মালিকপক্ষের প্রতিনিধি ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের সিইও মহিউদ্দিন আবদুল কাদের বুধবার বিকালে এ তথ্য জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “থাইল্যান্ড থেকে বিমানযোগে ওই জীবিত তিন নাবিক ঢাকায় ফিরবেন।”
এদের মধ্যে রয়েছেন, ডেক ক্যাডেট রায়েক ফাইরুজ, ইঞ্জিন ক্যাডেট মুশফিকুর রহমান ও নাবিক আবু বকর সিদ্দিক।
এদিকে মঙ্গলবার আন্দামান সাগরে ভেসে ওঠা চার নাবিকের লাশ উদ্ধারের জন্য এক হাজার ডলার করে পুরস্কার ঘোষণা করেছে জাহাজ মালিকপক্ষ।
মহিউদ্দিন আবদুল কাদের বলেন, “ভেসে ওঠা লাশগুলো আমাদের কি না তা এখনো নিশ্চিত নই। ওই এলাকায় এমভি হোপ ছাড়া অন্য কোন জাহাজ দুর্ঘটনায় পড়েনি, সে হিসেবে তারা আমাদের নিখোঁজ নাবিকদের লাশ হওয়ার সম্ভাবনা বেশি।”
থাই নেভি উদ্ধার কাজ পরিচালনা না করায় জাহাজটির পিঅ্যান্ডআই ক্লাবের স্থানীয় প্রতিনিধির মাধ্যমে মাছ ধরার ট্রলারগুলোকে লাশ উদ্ধার করতে অনুরোধ জানানো হয়েছে।
প্রতি লাশ হিসেবে এক হাজার ডলার করে পুরস্কার দেয়ার ঘোষণাও দেয়া হয়েছে বলে জানান তিনি।
গত ৪ জুলাই ভোর রাতে আন্দামান সাগরের থাই উপকূলে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি হোপ, এতে থাকা ১৭ নাবিক প্রাণ বাঁচাতে ঝাঁপ দেয় সাগরে। দুর্ঘটনার আটঘণ্টা পর পাঁচ নাবিককে উদ্ধার করে বাক্সমুন নামে একটি জাহাজ, যারা মঙ্গলবার চট্টগ্রামে ফিরেছেন।
নিখোঁজ নাবিকরা হলেন- ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার, নেজাম উদ্দিন, সাদিম আলী, মোহাম্মদ নাসির উদ্দিন, আলী হোসেন ও নাসির উদ্দিন।
