সাতকানিয়ায় তিন লাশ উত্তোলন
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সাতকানিয়ায় সহিংসতায় নিহত শিশুসহ তিনজনের লাশ কবর থেকে তোলা হয়েছে।
ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের তিনটি গ্রাম থেকে বুধবার লাশগুলো তোলা হয় বলে জানান সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া।
এরা হলেন শহীদুল ইসলাম (১৩), ওসমান গণি (২৮) ও আবু তাহের (৩০)।
এমরান ভূঁইয়া জানান, তিন দিন ধরে চলা সহিংসতার সময় গত ২ মার্চ এরা নিহত হন। তখন ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা তাদের লাশ দাফন করেন।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা জাফর আহমেদ জানান, আজিমপুর গ্রাম থেকে শহীদুল ইসলাম, আফজল নগর থেকে ওসমান গণি এবং ছোট ঢেমশা থেকে আবু তাহেরের লাশ তোলা হয়েছে।
লাশ তোলার সময় সহকারী পুলিশ সুপার একেএম এমরান ভূঁইয়া, সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) লুৎফর রহমানসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তার ছিলেন। এছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
