যানজটে নাকাল রাজধানীবাসী
শাহবাগে সড়ক অবরোধের কারণে এবং রোজা শুরুর আগের দিন গাড়ির চাপ বেশি থাকায় তীব্র যানজটে পড়তে হয়েছে রাজধানীবাসীকে।
বিসিএসে বাদ পড়া একদল শিক্ষার্থী বুধবার সকালে শাহবাগের রাস্তা বন্ধ করে অবরোধ শুরু করলে এই যানজট শুরু হয়।
নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে চলাচল বন্ধ হয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে যানজট ছড়িয়ে পড়ে রাজধানীজুড়ে।
ভিআইপি রোড, মগবাজার, কারওয়ানবাজার, ফার্মগেইট, মিরপুর রোড, শ্যাওড়াপাড়া, মহাখালী, এয়ারপোর্ট রোড, বনানী, কুড়িল বিশ্বরোড পর্যন্ত ছিল যানজট।
ট্রাফিক বিভাগ জানায়, তারা পরিস্থিতির উত্তরণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রচণ্ড গরমের মধ্যে সৃষ্ট এই যানজটের কারণে অতিষ্ঠ হয়ে অনেককেই হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
মহাখালী থেকে ফার্মগেইট যাওয়ার সময় ভোগান্তিতে পড়েন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের গবেষক শহীদ মো. আদনান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তীব্র গরম আর অসহনীয় যানজটে চূড়ান্ত নাকাল হতে হয়েছে। অন্যান্য দিন যে পথ যেতে মাত্র ৩০ মিনিট সময় লাগে, আজ তা পেরুতে দেড় ঘণ্টা সময় লেগেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সালাউদ্দিন ওয়াহেদ প্রীতম সকাল ১১টায় মিরপুর ১০ নম্বর থেকে যাত্রা শুরু করে ফার্মগেইট পৌঁছান বেলা আড়াইটায়।
এ সময় সড়কের দুপাশে লাইন ধরে গাড়ি আটকে থাকতে দেখেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন সহকারী সম্পাদক ধানমণ্ডি থেকে দুপুর দেড়টায় রওনা হয়ে মহাখালীতে পৌঁছান বেলা সাড়ে ৩টায়।
অন্যান্য দিন এই পথ আসতে ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগে বলে জানান তিনি।
বিদেশ সফর শেষে দেশে ফেরা প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে গণভবন যাওয়ার সময় বেলা দেড়টার পর জাহাঙ্গীর গেইট থেকে বিজয় সরণী পর্যন্ত সড়ক কিছু সময়ের জন্য বন্ধ রাখা হলে যানজট আরো তীব্র আকার ধারণ করে।
যানজটের জন্য পৌনে ৩টার দিকে এফডিসির সামনে লেভেল ক্রসিংয়ের ওপরে বেশ কয়েকটি গাড়ি আটকে থাকায় একটি ট্রেনকে দাঁড়িয়ে পড়তে দেখেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক তানভির আহমেদ।
মহাখালী এলাকার ট্রাফিক বিভাগের এসি মো, জিন্নাত আলী মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যানজট শাহবাগ থেকে শুরু হয়ে কারওয়ান বাজার, ফার্মগেইট, মহাখালী, সাত রাস্তা, রেডিসন হোটেল পেরিয়েছে।
ঢাকা মহানগরের (দক্ষিণ) ট্রাফিক বিভাগের এডিসি এস এম জাহাঙ্গীর আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহবাগ মোড়টি বন্ধ হয়ে যাওয়ায় এর প্রভাব পড়ে অন্য সড়কগুলোতে।
“আমরা সকাল থেকে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষের ভোগান্তি যতটুকু কমানো যায়, আমরা চেষ্টা করছি।”
কখন যানজট কমতে পারে- জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, “বিকেলে রথযাত্রা হওয়ার কথা রয়েছে। রথযাত্রার কারণে রাস্তায় বিপুল পরিমাণ মানুষের সমাগম হবে। এটা নিয়ে আমরা একটু চিন্তিত। কখন যানজট শেষ হবে এটা ঠিক বলা যাচ্ছে না।”
