কক্সবাজারে ৩ যুবক আটক, অস্ত্র উদ্ধার
কক্সবাজার শহরে মঙ্গলবার রাতে তিন যুবককে আটক করেছে পুলিশ।
এরপর তাদের স্বীকারোক্তি মতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটকরা হলেন জেলা শহরের পাহাড়তলী এলাকার প্রয়াত আবুল হাশেমের ছেলৈ সালাউদ্দিন (৩০), প্রয়াত সিরাজুল ইসলামের ছেলে সরোয়ার কামাল (২৪) এবং বাংলাবাজার এলাকার মো. হাবিবুল্লাহর ছেলে নুরুল হাদি মো. এরশাদ (২৫)।
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের একটি দল পৌরসভার পাহাড়তলী সাকিনের ফুটবল খেলার মাঠ এলাকা থেকে এ তিনজনকে আটক করে।
এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
এদিকে আটক সালাউদ্দিনের মা আম্বিয়া খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শক্রতার জের ধরে তার দুই ছেলে আলাউদ্দিন ও জসীম উদ্দিনকে এক বছরের মধ্যে হত্যা করেছে একটি সন্ত্রাসী চক্র।
এ চক্রটির বিরুদ্ধে দায়ের করা মামলার কারণে তারা পরিকল্পিতভাবে আরেক ছেলে সালাউদ্দিনকে ধরিয়ে দিয়েছে।
পুলিশ যে অস্ত্র উদ্ধার দেখিয়েছে তাও ওই সন্ত্রাসীদের সরবরাহ করা বলে আম্বিয়া খাতুন দাবি করেন।
