২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি আপিলে খালাস

যৌতুক না পেয়ে স্ত্রী হত্যার অভিযোগে বিচারিক আদালতে ফাঁসির দণ্ড পাওয়া এক ব্যক্তি হাই কোর্টের রায়ে খালাস পেয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 08:12 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

জেল আপিল ও মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি শহিদুল ইসলাম ও বিচারপতি আব্দুর রব এই রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আতিকুল হক সেলিম ও নিজামুল হক নিজাম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট হাতেম আলী সুমন।

ভীষ্মদেব চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত জেল আপিল মঞ্জুর করে আসামি মো. রেজাউল ইসলাম গাজীকে খালাস দিয়েছে।

কারাবন্দি এই আসামিকে তার স্ত্রী মো. বিলকিস নাহার লেমনিকে হত্যার অভিযোগে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল ২০০৮ সালের ২ জুলাই মৃত্যুদণ্ড দিয়েছিল।

মামলায় অভিযোগ করা হয়, রেজাউল যৌতুকের দাবিতে তার স্ত্রীকে পিটিয়ে ২০০২ সালের ১৪ জানুয়ারি হত্যা করেছিলেন।

পরদিন বিলকিসের বাবা মো. রুস্তম আলী গাজী মেয়েজামাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেন।