মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
মাকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত।
বুধবার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ এই রায় দেন।
দণ্ডিত জিয়াউর রহমান নেত্রকোনার আটপাড়া উপজেলার খিলা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় জিয়া আদালতে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কমলেশ চৌধুরী জানান, স্বামী মারা যাওয়ার ছয়মাস পর মালেকা খাতুনের অন্যত্র বিয়ে ঠিক হয়। এতে ক্ষুব্ধ হয়ে ছেলে জিয়াউর রহমান ১৯৯৮ সালের ৩১ অক্টোবর রাতে কুড়াল দিয়ে কুপিয়ে তার মা মালেকা খাতুনকে হত্যা করেন।
পরদিন নিহতের ভাই আব্দুল কদ্দুছ বাদী হয়ে আটপাড়া থানায় মামলা করেন জিয়াউর রহমানের বিরুদ্ধে। ১৯৯৯ সালের ৫ মার্চ পুলিশ অভিযোগপত্র দেয়।
