জামায়াতকর্মীদের জামিনের বিরোধিতা করায় পিপিদের ‘তিরস্কার’
বিস্ফোরক আইনের মামলায় জামায়াত-শিবিরের ছয়জনের জামিনের বিরোধিতা করায় বিচারকের তিরস্কার শুনতে হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকার আদালতে সরকারপক্ষের দুই আইনজীবী।
ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল- ৭ এর বিচারক দিলারা আলো চন্দনার বিরুদ্ধে এই অভিযোগ করেন ওই আদালতের অতিরিক্ত পিপি এএসএম রেজাউর রহমান রুমেল ও সহকারী পিপি খন্দকার মহিবুল হাসান আপেল।
তারা সাংবাদিকদের বলেন, বিস্ফোরক আইনের মামলা অজামিনযোগ্য। তাছাড়া ছয় আসামির বিরুদ্ধেই অভিযোগপত্র দেয়া হয়েছে, যাদের পাঁচজনের নাম এজাহারে ছিল।
তাই এ মামলায় তাদের জামিনের বিরোধিতা করা হয়। তখন বিচারক জামিন দিয়ে এক পর্যায়ে তাদের আদালত কক্ষ থেকে বের হয়ে যেতে বলে জানান দুই সরকারি আইনজীবী।
এই মামলার আসামিরা হলেন- খোরশেদ আলম, মো. হুমায়ুন, হামিদুর রহমান, কবির, মাহমুদুর রহমান ও সফিক। তারা সবাই জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর কাওরানবাজার এলাকায় বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের সময় আসামিদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার দিনই তেজগাঁও থানার এএসআই মো. সাইদুর রহমান ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত চার/পাঁচশ’ জনের বিরুদ্ধে মামলা করেন।
গত ২৭ এপ্রিল এ মামলায় আদালতে অভিযোগপত্র দেয়া হয়। তাতে এই ছয় জনের নাম উল্লেখ করা হয় বলে আইনজীবীরা জানান।
