পরীক্ষা ছাড়া রক্ত সংগ্রহ: ৪ জনের কারাদণ্ড
পরীক্ষা ছাড়া রক্ত সংগ্রহ করে বিক্রির অপরাধে রাজধানীতে ৪ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুর ২টার দিকে বড় মগবাজারের কোয়ালিটি ব্লাড ব্যাংকে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয় বলে জানিয়েছেন আদালতের হাকিম এএইচএম আনোয়ার পাশা।
সাজাপ্রাপ্তরা হলেন- দুলাল মিয়া (৩৫), জহিরুল ইসলাম (২৫), মোতালেব আলী (৫০) ও মোতালেব হোসেন (২৫)। এদের প্রথম তিনজন ওই ব্লাড ব্যাংকের মালিক, আর মোতালেব হোসেন টেকনিশিয়ান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আনোয়ার পাশা বলেন, এক মাদকাসক্ত ও পেশাদার ব্যক্তির শরীর থেকে রক্ত সংগ্রহ করার সময় ওই চারজনকে হাতেনাতে ধরা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৩ ব্যাগ রক্ত জব্দ করা হয়।
কালু নামে এক দালালে মাধ্যমে পেশাদার ও মাদকাসক্তদের শরীর থেকে রক্ত সংগ্রহ করে বিক্রি করা হতো বলে র্যাবকে জানিয়েছে মালিক দুলাল মিয়া।
আর ওই ব্লাড ব্যাংকে রক্ত পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকলেও তারা নিজেরা ইচ্ছেমতো প্রতিবেদন তৈরি করতো বলে জানান টেকনিশিয়ান মোতালেব।
ওই বিচারক বলেন, আদালতের সামনে এসব অপকর্ম স্বীকার করায় ওই চারজনকে দুবছর করে কারাদণ্ড দেয়া হয়েছে এবং ওই ব্লাড ব্যাংকটি সীলগালা করা হয়েছে।
অভিযানে র্যাব-৩ এর মেজর সাদিকুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি ডা. যোগেশ চন্দ্র রায়ও উপস্থিত ছিলেন।
