সঙ্কট উত্তরণে জামায়াত নিষিদ্ধের দাবি মাসউদের
শোলাকিয়ার ইমাম আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ দেশের বর্তমান সঙ্কট উত্তরণে যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, এছাড়া সরকারের সমানে আর কোনো উপায় নেই। যুদ্ধাপরাধীদের বিচার ও বিচারের রায় দ্রুত কার্যকর করা এখন সময়ের দাবি হয়ে ওঠেছে।
মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ ওলামা-মাশায়েখ সংহতি পরিষদের জেলা শাখার এক প্রতিনিধি সম্মেলনে মাসউদ এসব কথা বলেন।
এ সময় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাসউদ বলেন, ব্লগাররা ধর্মের যতটুকু অবমাননা করেছেন তার চেয়ে দশগুণ বেশি ক্ষতি করেছে মওদুদীবাদী জামায়াত-শিবির। বায়তুল মোকাররমে তারা কোরআন শরীফে আগুন দিয়েছে। ইসলামের বিরুদ্ধে এমন অনেক অপকর্ম করেছে এই দলটি।
তাই ব্লগারদের চেয়ে দশগুণ বেশি শাস্তি হওয়া উচিত মওদুদীবাদীদের, বলেন আল্লামা মাসউদ।
ওলামা-মাশায়েখ সংহতি পরিষদের জেলা শাখার আহ্বায়ক মাওলানা মুসলিহ্ উদ্দিনের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আরো বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমীন সিরাজী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হওসাইন সাইফী প্রমুখ।
প্রতিনিধি সম্মেলনে জেলা বিভিন্ন উপজেলা থেকে আলেম-ওলামারা অংশ নেন।
