চাঁদপুরের ৫০ গ্রামে রোজা শুরু বুধবার
বরাবরের মতো সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় ৫০টি গ্রামের বাসিন্দারা বুধবার রোজা শুরু করবেন।
জেলার হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাক (রহ.) এর অনুসারীরা প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে থেকে রোজা শুরু করেন এবং ঈদও করেন একদিন আগে।
দরবার শরীফের বর্তমান গদিনশীন পীর মাওলানা আবু জোফার মো. আবদুল হাই বলেন, “আমরা জেনেছি বুধবার থেকে সৌদি আরবে রোজা শুরু হবে। সে হিসাবে আমাদের বুধবারের রোজা ফরজ হিসেবে গণ্য হবে।”
যেসব গ্রামে বুধবার থেকে রোজা শুরু হচ্ছে সেগুলো হল: হাজীগঞ্জের সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাকনি, সোনাচোঁ, প্রতাপপুর; ফরিদগঞ্জের বাসারা, উভারামপুর, উটতলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতপাড়া, নূরপুর, সাঁচনমেঘ, ষোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়া উপজেলার আরো কয়েকটি গ্রাম।
এসব গ্রামের বাসিন্দারা রোজা, দুই ঈদ, শবেবরাত, শবেমেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করে আসছেন দীর্ঘদিন থেকে।
১৯৩২ সালে সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা ইসহাক (রা.) এই মতবাদের প্রচলন শুরু করেন।
