মাহমুদুরের বিরুদ্ধে তৌফিক ইলাহীর মামলা খারিজ
দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরীর মামলা খারিজ করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আলমগীর কবির রাজ খারিজের এই আদেশ দেন।
বাদী তৌফিক ইলাহী ১৩ বার আদালতে অনুপস্থিত থাকার কারণে মামলা পরিচালনায় তার আগ্রহ নেই ধরে নিয়ে আদালতের এই আদেশ হয়েছে বলে আসামি পক্ষের আইজীবী বেলাল হোসেন জসীম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানহানির এই মামলা দায়েরের পর মাত্র একটি তারিখে বাদী আদালতে হাজির হয়েছিলেন।
মঙ্গলবার মামলার অভিযোগ গঠনের ধার্য দিনেও বাদী অনুপস্থিত ছিলেন, তবে বিবাদী মাহমুদুর রহমানকে কারাগার থেকে আদালতে আনা হয়।
২০১০ সালের ১৯ জানুয়ারি মাহমুদুরসহ আমার দেশের প্রকাশক হাসমত আলী ও প্রতিবেদক এম আবদুল্লাহর বিরুদ্ধে মানহানির মামলাটি করেন তৌফিক ইলাহী।
একটি প্রতিবেদনকে কেন্দ্র করে এই মামলাটি করা হয়, যাতে বলা হয়- তৌফিক ইলাহী ও প্রধানমন্ত্রীর ছেলে সজিব আহমেদ ওয়াজেদ ৩৫ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন।
ওই প্রতিবেদনপি ভিত্তিহীন দাবি করে এতে সম্মানহানি হয়েছে অভিযোগ করে মামলা করেন তৌফিক ইলাহী।
