বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে লিখিত বক্তব্য প্রকাশ
গত চার বছরে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বিরোধী দলসহ দেশের শীর্ষ রাজনীতিকদের কাছে দেয়া লিখিত বক্তব্য প্রকাশ করেছে ভারতীয় হাইকমিশন।
সোমবার ঢাকার হাইকমিশনের কার্যালয় থেকে প্রকাশিত ওই বক্তব্যে দুদেশের সম্পর্কের বিষয়ে একগুচ্ছ ‘ইতিবাচক উন্নতি’র কথা তুলে ধরা হয়েছে।
ওই উন্নতিগুলোর মধ্যে ১৯৭১ সালে উপ-আঞ্চলিক সহযোগিতার উদ্যোগ নেয়ার পর এবং গত চার বছরে বিদ্যুৎ খাতে সহযোগিতাসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথা রয়েছে।
এর আগে সীমান্ত হত্যা, তিস্তা চুক্তি ও টিপাইমুখসহ বিভিন্ন বিষয়ে সংসদে বিএনপি চেয়ারপারন খালেদা জিয়ার বক্তব্যের লিখিত জবাব তার হাতে তুলে দেন ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন।
ওই একই বক্তব্য আওয়ামী লীগের কয়েকজন নেতা, প্রধানমন্ত্রীর কয়েকজন উপদেষ্টা ও কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের কাছেও তিনি দিয়েছেন।
লিখিত বক্তব্যের প্রচ্ছদে বলা হয়েছে, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
“আমরা পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব তৈরি করতে চাই।
“আমরা বিশ্বাস করি আমাদের দুদেশের গণ্তব্য আন্তঃসম্পর্কিত।”
প্রচ্ছদে আরো বলা হয়েছে, “পূর্ণ সম্ভাবনার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সম্পর্ক জোরদার ও বিস্তৃত করার প্রক্রিয়া চলমান আছে।
“আমাদের নিশ্চয়তা ও অঙ্গীকারের ভিত্তিতে আমরা তা বাস্তবায়নে পূর্ণ প্রতিশ্রুতিশীল।”
সীমান্ত, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও যোগাযোগ, বিদ্যুৎ খাত, উপ-আঞ্চলিক সহযোগিতা, পানিসম্পদ, স্বাস্থ্য, প্রতিরক্ষা, সংস্কৃতি এবং দুদেশের মধ্যে যোগাযোগকে গুরুত্ব দেয়া হয়েছে।
