২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের ২৫ কাউন্সিলরই মামলার আসামি

গাজীপুর সিটি কর্পোরেশনে নির্বাচিত ৫৭ কাউন্সিলরের মধ্যে ২৫ জনই কোন না কোন মামলার আসামি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 04:14 PM

Updated : 25 Apr 2022, 06:57 PM

এরমধ্যে ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আবদুল আলেক পাঁচটি ফৌজদারি মামলার আসামি। স্বাক্ষরজ্ঞানসম্পন্ন এই কাউন্সিলর একজন ব্যবসায়ী।

আলেকের মতোই পাঁচটি মামলার আসামি ১৯ নম্বর ওয়ার্ডের তানভীর আহমেদ, ৪৭ নম্বর ওয়ার্ডের হেলালউদ্দিন ও ৪৮ নম্বর ওয়ার্ডের শফিউদ্দিন।

চারটি মামলার আসামি ১ নম্বর ওয়ার্ডের আবদুস সালাম ও ৫২ নম্বর ওয়ার্ডের আতাউর রহমান|

এছাড়া ২১ নম্বর ওয়ার্ডের ফারুক আহমেদ ও ৪০ নম্বর ওয়ার্ডের আজিজুর রহমানের বিরুদ্ধে তিনটি করে মামলা রয়েছে। বাকিদের কেউ একটি বা দুটি করে মামলার আসামি।

নবনির্বাচিত কাউন্সিলরদের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

এছাড়া নবগঠিত এ সিটি কর্পোরেশনের ৪৭ কাউন্সিলরই পেশাই ব্যবসায়ী। এর মধ্যে ঠিকাদার থেকে শুরু করে ভাঙ্গারি ব্যাবসায়ীও আছেন।

এছাড়া ছয়জন বাড়িওয়ালা সিটি কর্পোরেশনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। হলফনামায় তিনজন তাদের পেশা উল্লেখ করেননি; একজন লিখেছেন কৃষি।

কাউন্সিলরদের মধ্যে ১৯ জনই স্কুলের গণ্ডি পার হননি। তিনজন নিজেদের স্বশিক্ষিত বলেছেন, স্বাক্ষরজ্ঞানসম্পন্ন বলেছেন পাঁচজন। সর্বোচ্চ ডিগ্রিধারী আছেন দুজন।

শনিবার আয়তনে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুরে ভোট অনুষ্ঠিত হয়। এতে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী এম এ মান্নান এক লাখের বেশি ভোটে ক্ষমতাসীন জোট সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানকে পরাজিত করেন।