পর্নোগ্রাফি মামলায় বাগেরহাটে প্রকৌশলী গ্রেপ্তার
বাগেরহাটের স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী হাসানুজ্জামান প্রামাণিককে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেলে বাগেরহাট শহরের দশানী ক্রসরোড এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই প্রকৌশলীকে পর্নোগ্রাফি আইনে মামলায় গ্রেপ্তার করা হয়।
হাসানুজ্জামান কুষ্টিয়ার হাট শহুরীপুর এলাকার শাবান আলী প্রামাণিকের ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ওই প্রকৌশরীর বিরুদ্ধে কুষ্টিয়ায় পর্নোগ্রাফি আইনে মামলা আছে। বাগেরহাট পুলিশের সহায়তায় কুষ্টিয়া সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রাতেই তাকে কুষ্টিয়া পাঠানো হয়েছে বলে জানান এসআই কামরুল।
কুষ্টিয়া সদর থানার ওসি মো. মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক আলীমুজ্জামান টুটুল, প্রকৌশলী শফিকুল ইসলাম সজল এবং হাসানুজ্জামান বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রলোভন দেখিয়ে ছাত্রীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন এবং অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও চিত্রে ধারণ করে রাখত।
এ রকম একটি ভিডিও পুলিশের হাতে রয়েছে।
থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাদী হয়ে গত রোববার তিন প্রকৌশলীসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বাকিদের ধরতেও পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি মশিউর।
তবে এ বিষয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক আলীমুজ্জামান টুটুল, প্রকৌশলী শফিকুল ইসলাম সজলের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।
