২৪ ঘণ্টা ধরে পদ্মায় আটকে আছে ফেরি
দৌলতদিয়া ঘাটের কাছে পদ্মা নদীর ডুবোচরে আটকে থাকা একটি ফেরিকে ২৪ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি কর্তৃপক্ষ।
রোববার রাত ৮টার দিকে ১৫টি যানবাহন নিয়ে রো-রো ফেরি খানজাহান আলী আটকা পড়ে।
তারপর থেকে দুটি উদ্ধারকারী যান দিয়ে ফেরিটি উদ্ধারের চেষ্টা করা হলেও সোমবার রাত ৮টা পর্যন্ত সফল হওয়া যায়নি বলে জানান বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ফেরিঘাটের কর্মকর্তা মো. জিল্লুর রহমান।
তিনি জানান, ফেরিতে আটকে পড়ার পর যাত্রীরা সারারাত সেখানেই অবস্থান করেন। সকালে তারা নৌকায় করে ঘাটে পৌঁছান।
“প্রাথমিকভাবে উদ্ধারকারী জাহাজ ইনল্যান্ড টাগ-৩৯১ দিয়ে খান জাহান আলী ফেরিটিকে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়। সোমবার দুপুরে এর সঙ্গে যোগ দেয় কে-টাইপ ফেরি কপোতি। কিন্তু রাত ৮টা পর্যন্ত ফেরিটি উদ্ধার করা যায়নি।”
ফেরিঘাটের কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, যদি এ দুটি উদ্ধারকারী জাহাজ দিয়ে ফেরিটি উদ্ধার করা না যায়, তবে মাওয়া থেকে আরো শক্তিশালী উদ্ধারকারী জাহাজ নিয়ে আসা হবে।
