বিশ্বজিত হত্যা মামলা দ্রুত বিচারে, সাক্ষ্য ১৪ জুলাই
দ্রুত বিচার আদালতে বিশ্বজিত দাস হত্যা মামলার বিচারকাজ শুরু হয়েছে।
আদালতের ভারপ্রাপ্ত বিচারক দেওয়ান মো. সফিউল্লাহ আগামী ১৪ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন রাখেন।
এর আগে ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে এই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়, যা গত ৩০ জুন হাতে পান এ আদালতের বিশেষ কৌসুলি এস এম রফিকুল ইসলাম।
বিশ্বজিত হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হচ্ছে- এমন অজুহাতে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করায় এ মামলার সাক্ষ্যগ্রহণ বার বার পেছায়।
তিনটি ধার্য তারিখে মামলার বাদি ও আসামিরা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির থাকলেও তাদের সাক্ষ্য না নিয়ে বিচারক মো. জহুরুল হকও ১৪ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন রাখেন। এর মধ্যেই মামলার বিচারকাজ দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।
দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনে মামলার বিচারকাজ ১৩৫ কার্যদিবসের মধ্যে শেষ করার বিধান রয়েছে। তবে এসময়ের মধ্যে বিচার শেষ না করা গেলে আরো কয়েকটি মেয়াদে সময় বাড়ানোর কথাও আইনে উল্লেখ রয়েছে।
গত বছরের ৯ ডিসেম্বর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন নীরিহ দর্জি ব্যবসায়ী বিশ্বজিত দাস।
প্রায় তিনমাস পর ৫ মার্চ বিশ্বজিত হত্যা মামলার অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের (গোয়েন্দা শাখা) পরিদর্শক তাজুল ইসলাম।
২৯ এপ্রিল মামলাটি মহানগর হাকিম আদালত থেকে দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়।
পরে ১৯ মে পুলিশের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে ২৬ মে মোট ২১ জনকে আসামি করে অভিযোগ গঠন করে আদালত।
এই মামলায় আট আসামি কারাগারে থাকলেও পলাতক আছে আরো ১৩ জন, যাদের সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের কর্মী।
