২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহহীনদের সহায়তার অর্থ ফেরৎ গেল

ঘূর্ণিঝড় মহাসেনে বরগুনার পাথরঘাটার ক্ষতিগ্রস্ত এক হাজারের বেশি পরিবারের সহায়তার টাকা ফেরৎ গেছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না করায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 11:09 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

রোববার গৃহ নির্মাণের এক কোটি ২৪ লাখ ৭৪ হাজার টাকা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে ফেরৎ পাঠানো হয় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

স্থানীয় প্রতিনিধিসহ অনেকেই এজন্য সংশ্লিষ্টদের অবহেলাকে দায়ী করেছেন।

গত ১৬ মে মহাসেনের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় বরগুনাসহ পাথরঘাটার উপকূলীয় অঞ্চল। এতে ছয় হাজারের বেশি পরিবার বসতঘর হারায়।

বরগুনার জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূঞা জানান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জেলায় গৃহ নির্মাণের জন্য নয় কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল,  যার মধ্যে পাথরঘাটা উপজেলার বরাদ্দ এক কোটি ৩২ লাখ টাকা।

পাথরঘাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনকে সভাপতি, পাথরঘাটার প্রকল্প কর্মকর্তা এম এ মাহবুব হোসেনকে সদস্য সচিব, পাথরঘাটা পৌরসভার মেয়র ও সাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সদস্য করে একটি কমিটি গঠন করা হয়।

গত ২২ জুন এ কমিটি প্রথম সভা করে। ৩০ জুন আরেকটি সভা করে সিদ্ধান্ত নিয়ে বরাদ্দের টাকা তারা তুলে ফেলে।

কিন্তু এ টাকা দিয়ে গৃহ নির্মাণে সহায়তা দেয়ার আগে নির্ধারিত সময় শেষ হয়ে যায়। তাই টাকা ফেরত পাঠাতে হয়েছে। কিন্তু টাকা তোলার সময় সাত লাখ ২৬ হাজার টাকা ভ্যাট দিতে হয়েছে।

বরগুনা-২ আসনের সংসদ সদস্য গোলাম সবুর টুলু জানান, সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার কারণেই টাকা ফেরত গেছে।

তবে এ সহায়তার টাকা পুনরায় নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান তিনি।

পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান শওকত হাচানুর রহমান রিমন টাকা ফেরৎ পাঠানোর কথা স্বীকার করে জানান, তারা বরাদ্দ পাওয়ার পরপরই সভা করে সিদ্ধান্ত নিয়ে গৃহহীন পরিবার বাছাই করা শুরু করেছিলেন।

রায়হানপুর, নাচনাপাড়া, চরদুয়ানী, পাথরঘাটা সদর, কালমেঘা, কাকচিড়া ও কাঠালতলী ইউনিয়ন এবং পাথরঘাটা পৌরসভার মোট এক হাজার ৩২০ পরিবারকে সহায়তা প্রদানের জন্য বাছাই করা হয়।

এসব পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা দেবার সিদ্ধান্ত হয়। ৩০ জুনের মধ্যে সহায়তার টাকা খরচ করতে না পারায় ঊর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টাকা ফেরৎ পাঠানো হয়েছে বলে জানান এই উপজেলা চেয়ারম্যান।

তবে এতে তাদের দায়িত্বে কোনো ধরনের অবহেলা ছিল না বলে দাবি করেন তিনি।

বামনা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম এ মাহাবুব হোসেন জানান, তারা টাকা ফেরৎ পাঠালেও আবার যাতে পেতে পারেন সেজন্য তদবির শুরু করেছেন।

পাথরঘাটা পৌরসভার গৃহহীন ফাতেমা বেগম জানান, “নিজের ঘর নাই। ভাবছেলাম এইফির সাহায্য পামু। হেইয়া দিয়া একখান ঘর উডামু। আর কতদিন মানের বাড়ি থাকমু।”