২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু তহবিল: ১৭ প্রকল্পে ৯৮ কোটি টাকা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় ৯৮ কোটি টাকার ১৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 07:33 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

রোববার পরিবেশ ও বন মন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে সচিবালয়ে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

এগুলোর মধ্যে ১৫টি প্রকল্প পানি উন্নয়ন বোর্ড এবং দুটি প্রকল্প সংশ্লিষ্ট জেলা পরিষদ বাস্তবায়ন করবে।

প্রকল্পগুলো হলো- ১০ কোটি টাকায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীর বাঁ তীরে ভাঙন রক্ষা প্রকল্প। ছয় কোটি ৯৯ লাখ ৯৪ হাজার টাকায় চট্টগ্রামের পটিয়ায় ‘মালিয়ারা-বাঁকখাইন-ভাঁন্ডারগাও’ বন্যা নিয়ন্ত্রণ সেচ প্রকল্প এবং ১০ কোটি টাকায় উপকূলীয় বাঁধ প্রকল্পের পোল্ডার নম্বর ৫৯/৩সি এর পুনর্বাসন প্রকল্প।

এছাড়া পাঁচ কোটি টাকায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজলাধর্মপুর এলাকায় করতোয়া নদীর ভাঙন থেকে ডান তীর রক্ষা প্রকল্প এবং চার কোটি টাকায় ভোলা জেলার তজমুদ্দিন এবং লালমোহন উপজেলার পোন্ডার নম্বর ৫৬/৫৭ এর বেড়ি বাঁধের স্লোপ ও নদীর তীর সংরক্ষণ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

অন্যদিকে দুই কোটি ৯০ লাখ টাকায় কর্ণফূলী সেচ প্রকল্পের চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার মোহরা ওয়ার্ডে হালদা নদীর ডান তীরে ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণ কাজ, পাঁচ কোটি টাকায় চট্টগ্রামের রাউজান উপজেলার হালদা নদীর বাঁ তীরে প্রতিরোধমূলক প্রকল্প, পাঁচ কোটি টাকায় ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদের বাঁ তীরে মরিচার চরের নদী তীর সংরক্ষণ কাজ, পাঁচ কোটি আট লাখ ৪৮ হাজার টাকায় রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প, সাড়ে পাঁচ কোটি টাকায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ঢোল সমুদ্র এলাকায় বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা প্রকল্প সভায় অনুমোদন পেয়েছে।

নতুন করে অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হলো- পাঁচ কোটি টাকায় মগড়া নদীর ভাঙন থেকে নেত্রকোনার চল্লিশাবাজার সাকুয়া গন্ধবপুর শ্মশানঘাট এবং মদন পৌর এলাকা সংরক্ষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা প্রকল্প, ছয় কোটি টাকায় কুমিল্লার নাংগলকোট উপজেলার পুরাতন ডাকাতিয়া নদী পুনঃখননের মাধ্যমে পরিবেশ ভারসাম্য রক্ষা প্রকল্প, তিন কোটি টাকায় চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও লৌহগড়া উপজেলার ডলু নদীর ভাঙন হতে জনপদ রক্ষায় প্রতিরোধমূলক প্রকল্প, ১০ কোটি টাকায় ঢাকা জেলার কেরানীগঞ্জের শুভাঢ্যা হতে আগানগর পর্যন্ত শুভাঢ্যা খাল পুনঃখনন ও তীর সংরক্ষণ কাজ, চার কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খাঁ নদীর ভাঙন হতে মাদারীপুরের কালকিনি উপজেলার মোল্লার হাট বাজার এলাকা রক্ষা প্রকল্প, ছয় কোটি টাকায় চাঁদপুর জেলা পরিষদের আওতায় চাঁদপুর জেলার ৮টি উপজেলায় পানি সরবরাহ, বাঁধ নির্মাণ প্রকল্প এবং চার কোটি টাকায় খুলনা জেলা পরিষদের খুলনা জেলায় আইলা বিধ্বস্ত এলাকায় গৃহ নির্মাণ প্রকল্প।

সভায় নৌমন্ত্রী শাহজাহান খান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এ এইচ মোহাম্মদ আলী, পিকেএসএফ’র চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আহমাদ ও পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব সফিকুর রহমান পাটোয়ারি উপস্থিত ছিলেন।