নারায়ণগঞ্জে প্রবাসীর ‘রহস্যজনক’ মৃত্যু
বন্ধুরা ডেকে নিয়ে ‘কৌশলে’ সিঙ্গাপুরপ্রবাসী এক যুবককে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী।
রোববার নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল গেউদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আনজু (৩২) ওই এলাকার মৃত সার্থক আলীর ছেলে।
আনজুর স্ত্রী শিল্পী বলেন, শনিবার সন্ধ্যায় আনজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু আলী আকবর, সোহেল, সুমন, সেলিম, ইসলাম এবং ইদ্দার।
“এরপর রাত আটটার দিকে তারা অচেতন অবস্থায় আনজুকে বাড়ি দিয়ে যায় এবং বলে, সে কিছুটা অসুস্থ। একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে।”
শিল্পী জানান, রোববার বেলা ১১টা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় আনজুকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। তখন চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আনজুর শরীরের অনেক স্থানে জখমের চিহ্ন রয়েছে। ঘাড়ের দু’পাশেও নীল হয়ে আছে।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ব্যাপারে এখনও কেউ কোন অভিযোগ করেনি বলেও জানান তিনি।
