২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজমত জনবিচ্ছিন্ন, তাই নির্বাচনে হার: জাহাঙ্গীর

গাজীপুর নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীকে অসহযোগিতার অভিযোগের মুখে থাকা জাহাঙ্গীর আলম বলছেন, ‘জনবিচ্ছিন্ন’ ছিলেন বলেই আজমত উল্লা খান হেরে গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 01:59 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

দলীয় সিদ্ধান্তের বিপরীতে মেয়র প্রার্থী হয়ে পরে শীর্ষ নেতাদের চাপে সরে যাওয়া এই সাবেক ছাত্রলীগ নেতা মনে করেন, নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ না থাকলে ভোটের আগে হঠাৎ করে কারো প্রতি ভালোবাসা জন্ম নেয় না।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লার হারের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাহাঙ্গীর।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে আজমতকে ১ লাখের বেশি ভোটে হারিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান।

টেলিভিশন প্রতীকে মান্নান পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৪৪০ ভোট। দোয়াত-কলম প্রতীকে আজমত পেয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৮৬৭ ভোট।

রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাহাঙ্গীর বলেন, “যিনি প্রার্থী হয়েছেন তার সঙ্গে এলাকার মানুষের যোগাযোগ নাই। হঠাৎ করে ভালোবাসা হয় না।”

তবে নির্বাচনে নিজে দলের প্রার্থী হলে অবশ্যই জিততেন বলে মনে করেন তিনি।

তিনি বলেন, “আমি এই এলাকায় দীর্ঘদিন নির্বাচনের জন্য কাজ করছি। এই সময়ে নানা পর‌্যায়ের মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, দেখা হয়েছে। তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি নির্বাচনে দাঁড়ালে তারা আমাকে ভোট দিতো বলে আমি বিশ্বাস করি।”

Image
সংবাদ সম্মেলনে গাজীপুরের আলোচিত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। রোববার প্রকাশ্যে এসে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দল সমর্থিত আজমত উল্লাকে সমর্থন দেয়ার কথা জানান।

সংবাদ সম্মেলনে গাজীপুরের আলোচিত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। রোববার প্রকাশ্যে এসে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দল সমর্থিত আজমত উল্লাকে সমর্থন দেয়ার কথা জানান।

কিন্তু হঠাৎ কেউ নির্বাচনে অংশ নিলে তার সঙ্গে এলাকার জনগণের সম্পর্ক তৈরি নাও হতে পারে মনে করেন জাহাঙ্গীর।

“কেউ একজন আসলো, আর তার সঙ্গে সম্পর্কটা সে রকম নাও হতে পারে। আমাকে যারা ভোট দিতো, তাদের মধ্যে দলীয় নেতাকর্মী আছে। আমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন আছে। অন্য দলের অনেক সমর্থকও আছে।”

জাহাঙ্গীর বলেন, “কিন্তু আমি অন্য একজনের পক্ষে কাজ করলে তাদের সবার অনুভূতি সমভাবে কাজ নাও করতে পারে। তারাতো আমার কর্মচারী নয় যে, আমি বললেই আমার কথা অনুসারে কাজ করবে।”

অনেকে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর হারের পেছনে জাতীয় কিছু বিষয় প্রভাবের কথা বললেও তা মনে করেন না দলের কোনো পদে না থাকা সাবেক এই ছাত্রলীগ নেতা।

তিনি বলেন, “অনেকে জাতীয় ইস্যুর কথা বলেন। এখানে কোনো জাতীয় ইস্যু নেই। জাতীয় ইস্যুর প্রভাব থাকলেও সেটা সর্বোচ্চ ৫ ভাগ হতে পারে। কোনোভাবেই এর বেশি নয়। বাকি পুরোটাই স্থানীয় ইস্যু। স্থানীয় কারণেই এই পরাজয়।”

ভোট পরার হার নিয়েও মন্তব্য করেছেন জাহাঙ্গীর। তার মতে, কাউন্সিলর পদের নির্বাচন না থাকলে ভোট আরো কম পড়তো।

“৬০ ভাগ লোক দিয়েছে। কেন ৪০ ভাগ লোক ভোট দিতে আসে নাই? আমার কাছে খবর আছে, এটা যদি কেবল মেয়র নির্বাচন হতো, কাউন্সিলর নির্বাচন না থাকতো তাহলে ২০-২৫ ভাগের বেশি ভোট ‘কাস্ট’ হতো না।

“অনেক মানুষ কাউন্সিলরকে ভোট দিতে এসেছে। তখন মেয়রকে না দিলে কেমন হয়, তাই মেয়রকেও দিয়ে গেছে।”

তিনি ও তার সমর্থকরা কাজ করে নির্বাচনে ব্যবধান কমিয়ে দিয়েছে বলে মনে করেন জাহাঙ্গীর। তা না হলে আরো বেশি ভোটের ব্যবধানে হারতো আজমত।

তিনি বলেন, “যাই হোক, একটা নির্বাচন গেছে। এখন আমি আবার তৃণমুল মানুষকে নিয়ে কাজ করবো। নেতাকর্মীদের নিয়ে দলকে সংগঠিত করতে চেষ্টা করে যাবো।”