২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলরের ছেলেকে অপহরণ চেষ্টা, দুজনকে পিটুনি

রাজশাহীর তানোরে অস্ত্রের মুখে এক ওয়ার্ড কাউন্সিলরের ছেলেকে অপহরণের সময় জনতা দুই যুবককে পিটুনির পর পুলিশে দিয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 11:13 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

রোববার বেলা ১২টার দিকে উপজেলার মুন্ডুমালা বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জের জাইগীরপাড়া মহল্লার সেলিম রেজা ও মফিজ উদ্দিন।

ওয়ার্ড কাউন্সিলর ওমর আলী সাংবাদিকদের জানান, পৌর এলাকার পাঁচন্দর থামতলা মোড় থেকে অপহরণকারী দলের চার সদস্য দুইটি মোটরসাইকেলে এসে তার মাদ্রাসা পড়ুয়া ছেলে শাহাবুদ্দিনকে (১৬) অপহরণের চেষ্টা করে।

মুন্ডুমালা বাজার অতিক্রমের সময় শাহাবুদ্দিন চিৎকার দিলে লোকজন তাদের ধাওয়া করে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে একটি মোটরসাইকেলসহ দুই অপহরণকারীকে ধরে ফেলে এবং শাহাবুদ্দিনকে উদ্ধার করে।

এ সময় অপর দুই অপহরণকারী পালিয়ে যায় বলে জানান কাউন্সিলর ওমর আলী।

তিনি বলেন, “অপহরণকারীদের সঙ্গে আমার জমিজমা সংক্রান্ত বিরোধ আছে। এর জের ধরে অপহরণের ঘটনা ঘটতে পারে।”

মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল মজিদ বলেন, মাদ্রাসাছাত্রকে অপহরণের সময় জনতা দুইজনকে ধরে পুলিশে দিয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।