২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হস্তক্ষেপ এলে প্রতিহত করা হবে: সিইসি

নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না- এমন অভিযোগের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ইসির ওপর হস্তক্ষেপ হলে তা প্রতিহত করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 10:46 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

রোববার শেরে বাংলানগরে ইসি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধান বিরোধী দল বিএনপি বরাবরই অভিযোগ করে আসছে, বর্তমান ইসি সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ইসিকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, “নির্বাচন কমিশন শতভাগ স্বাধীনভাবে কাজ করছে। কমিশনের কাজে এখন পর্যন্ত কেউ হস্তক্ষেপ করেনি। ভবিষ্যতে কেউ হস্তক্ষেপ করলে প্রতিহত করা হবে।”

Image
কাজী রকিবউদ্দীন আহমদ, ফাইল ছবি

কাজী রকিবউদ্দীন আহমদ, ফাইল ছবি

গত বছর ফেব্রুয়ারিতে বর্তমান ইসি দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত ছয়টি সিটি কর্পোরেশনে নির্বাচন, তিনটি সংসদীয় আসনে উপ নির্বাচন হয়েছে।

আগামী দশম সংসদ নির্বাচনও সুষ্ঠুভাবে আয়োজনে ইসি প্রস্তুতি এগিয়ে নিচ্ছে জানিয়ে সিইসি বলেন, “এক বছর আগে থেকে সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি আমরা। ভোটার তালিকা, ব্যালট বাক্সসহ ছোট-বড় অনেক কাজ রয়েছে। উই আর ওয়েল অর্গানাইজড। আশা করছি, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও অবাধ হবে এ নির্বাচন।”

আগামী অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

শনিবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনসহ বিগত সিটি নির্বাচনগুলোতে সেনা মোতায়েন ছাড়াই শান্তিপূর্ণ ভোট হয়। তবে জাতীয় নির্বাচন সামনে রেখে সব দিক বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান সিইসি।

তিনি বলেন, “জাতীয় নির্বাচন অনেক দূর। স্থানীয় ও জাতীয় নির্বাচনের আইন শৃঙ্খলা পৃথক বিষয়। এক দিনে ৯ কোটির বেশি ভোটার নিয়ে ওই নির্বাচন করতে হবে। সঠিক সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে রোজার পরে ইসি বৈঠকে বসবে বলেও জানান তিনি।