ভেতরে ইভিএম নেই, বাইরে আছে ল্যাপটপ
আগের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে ভোটারদের উচ্ছ্বাস দেখা গেলেও এবার গাজীপুরের মানুষ সেই সুযোগ পাচ্ছে না।
তবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে ল্যাপটপ সাজিয়ে বসেছেন বিভিন্ন প্রার্থীর কর্মীরা।
মহানগরের ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের কয়েকটি ভোটেকেন্দ্রে প্রার্থীদের কর্মীদেরকে ল্যাপটপ নিয়ে ভোটারদের সহযোগিতা করতে দেখা গেছে।
তাদেরই একজন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খানের সমর্থক রায়হান কাজ করছিলেন ৫৬ নম্বরের ওয়ার্ডের মধুমিতা রোডের আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ওই এলাকায় ভোটার অনেক হওয়ায় সবার কাছে স্লিপ পৌঁছানো সম্ভব হয়নি। আবার অনেকে স্লিপ আনতে ভুলে গেছেন বা হারিয়ে ফেলেছেন।
দোয়াত কলমের পক্ষের এই কর্মী বলেন, “তারা কোন কেন্দ্রে ভোট দেবেন সেটা দ্রুত বের করতে আমি ল্যাপটপের সাহায্য নিচ্ছি। পূর্ণ ভোটার তালিকা আমার ল্যাপটপে আছে। ভোটাররা তাদের পরিচয় পত্রের শেষ চারটি নম্বর বললেই তিনি কোন কেন্দ্রে ভোট দেবেন সেটা বলে দেয়া সম্ভব হচ্ছে।”
একইভাবে ৫৭ নম্বর ওয়ার্ডের আরিফপুরে মাস্টার কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্র ও রাইজিং সান স্কুল কেন্দ্রেও দেখা গেছে ল্যাপটপসহ কর্মী-সমর্থকদের।
মাস্টার কিন্ডারগার্টেন কেন্দ্রের দোয়াত কলমের সমর্থক স্বপন কুমার শীল বলেন, “ল্যাপটপ থাকায় খুব দ্রুত স্লিপ দেয়া যাচ্ছে ভোটারদের।”
শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে উৎসবের আমেজে ভোট শুরু হয়েছে।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে ৩৯২টি কেন্দ্রে। আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের সোয়া ১০ লাখ ভোটার রয়েছে।
সাতজন প্রার্থীর মধ্যে থেকে ভোটাররা তাদের প্রথম মেয়র বেছে নেবেন। এছাড়া তারা নারী-পুরুষ কাউন্সিলরও নির্বাচিত করবেন।
