২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁও ভূমি অফিসে আবারো ‘অগ্নিসংযোগ’

নারায়ণগঞ্জের সোনারগাঁও ভূমি অফিসে আবারো ‘আগুন দিয়েছে দুর্বৃত্তরা’। এতে দুটি কক্ষের মূল্যবান নথিপত্র আগুনে পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 04:38 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শনিবার ভোরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম আল আমিন।

পরে এলাকার লোকজন এসে আগুন নেভায়।

দুই সপ্তাহ আগে এই অফিসে আগুনে বেশকিছু নথিপত্র পুড়ে গিয়েছিল।

এ কে এম আল আমিন জানান, তার কার্যালয়ের জানালার কাচ খুলে কম্পিউটার অপারেটরের দুটি কক্ষ ও মিস কেস রুমে আগুন দেয় দুর্বৃত্তরা।

“এতে ওই দুটি রুমে থাকা মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ণয়ের কাজ চলছে।”

বার বার আগুন লাগার কারণ জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) এ কে এম আল আমিন বলেন, এটি নাশকতা নয়। পরিকল্পিতভাবে আগুন দেয়া হয়েছে।”

তিনি বলেন, তিনি আসার পর থেকে ভূমি অফিসকে দালালদের দৌরাত্ম্য থেকে মুক্ত করেছেন। ওই দালাল দুস্কৃতকারীরাই অফিসে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আগুনের খবর পেয়ে স্থানীয় লোকজন অফিসের তালা ভেঙে আগুন নেভায়।

ওসি বলেন, “সহকারী কমিশনার (ভূমি) অফিসে গত বৃহস্পতিবার একটি মিস কেসের মামলা ওঠে। ওই মামলা নিয়ে তাকে হুমকি দেয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে।”

তবে কে বা কারা আগুন দিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগে পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে, বলেন ওসি।