২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শামীম ওসমান আমাকে হত্যা করবে’

নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের সংগঠক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি অভিযোগ করেছেন, শামীম ওসমান তাকে হত্যা করে বিএনপি দলীয় সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের উপর দোষ চাপানোর ষড়যন্ত্র করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 03:17 PM

Updated : 26 Jul 2022, 03:02 PM

শুক্রবার বিকালে চাষাঢ়ায় এক সমাবেশে পুলিশ প্রশাসন এবং একটি গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “তারা সরকারের উপর মহলে রিপোর্ট পাঠিয়েছে, আগামী নির্বাচনে রফিউর রাব্বি অংশগ্রহণ করবেন। এজন্য বিএনপি দলীয় সাবেক সাংসদ গিয়াসউদ্দিন তাকে হত্যা করবে। আর এজন্য আসামি করা হবে শামীম ওসমানকে।”

“কিন্তু প্রকৃত সত্য হচ্ছে শামীম ওসমান আমাকে (রাব্বি) হত্যা করবে। আর দোষ চাপাবে গিয়াস উদ্দিনের উপর। কারণ গিয়াসউদ্দিন আর শামীম ওসমান একই আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। এ কারণে ওসমান পরিবার এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছে।”

এ সময় রাব্বি কোনো নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনাকে নাকচ করে দিয়ে বলেন, “টাকার বিনিময়েই এ ধরনের রিপোর্ট পাঠানো হয়েছে।”

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ এমন একটি শহরে পরিণত হয়েছে, যেখানে খুন হলে শহর উত্তপ্ত হয় না, বরং খুন হল কেন প্রশ্ন করা হলে শহর উত্তপ্ত হয়ে ওঠে। যখন যে সরকার আসে পুলিশ ওই সরকারের দলের সন্ত্রাসীদেরই রক্ষা করে থাকে।

২০১১ সালে তরুণ ব্যবসায়ী আশিক ইসলাম হত্যার বিচার হলে পরবর্তীতে হত্যাকাণ্ড না-ও হতে পারত বলে মন্তব্য করেন সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের এ আহ্বায়ক।

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানান জন্য শামীম ওসমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

অব্যাহত গুম-হত্যা-ডাকাতি এবং আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিকালে শহরের চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশ করে করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।

সমাবেশের পরপরই একটি কালো পতাকা মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রদীপ ঘোষ বাবুর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ত্বকী মঞ্চের সদস্য সচিব নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয় নিখিল দাস, জেলা  ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতির সমন্বয়ক অঞ্জন দাস, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হিমাংশু সাহা প্রমুখ।