মুক্তা হত্যা মামলায় ১২ জনের সাক্ষ্য
নেত্রকোনার শহীদ বদিউজ্জামান মুক্তা হত্যা মামলার ১২ সাক্ষী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে সাক্ষ্য দিয়েছেন।
শুক্রবার দিনভর সার্কিট হাউজে এ সাক্ষ্যগ্রহণ চলে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহান কবির।
শনিবার মুক্তা হত্যার ঘটনাস্থলসহ এলাকায় রাজাকার-আলবদর-আল শামসদের তাণ্ডবের বিভিন্ন স্থান পরিদর্শনে যাবে ট্রাইব্যুনালের তিন সদস্যের তদন্ত দল।
তদন্ত দলে আরো রয়েছেন হরি দেবনাথ ও আতাউর রহমান।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান বিকালে সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি মুক্তা হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার আশা ব্যক্ত করে সকলের সহযোগিতা চান।
মামলার নথি থেকে জানা যায়, মুক্তিযুদ্ধ চলাকালে ২৮ কার্তিক সকাল ১১টার দিকে সদর উপজেলার নরেন্দ্র নগর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মুক্তাকে বিরামপুর বাজার থেকে ধরে নিয়ে যায় রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর লোকজন।
পরদিন ভোরে মুক্তাকে জেলা শহরের মোক্তারপাড়া সেতুতে গুলি করে হত্যার পর লাশ মগড়া নদীতে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে।।
এ ঘটনায় ২০১০ সালের ১২ অগাস্ট নেত্রকোনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১ এ হত্যা মামলা করেন মুক্তার ভাতিজা আলী রেজা কাঞ্চন। আদালত মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠায়।
মামলার আসামিরা হচ্ছেন: মোক্তারপাড়ার মো. ওবায়দুল হক তাহের (৬০), আতাউর রহমান ননী (৫৯), শহীদ উল্লাহ পিন্টু (৬২), শহীদুর রহমান মাজু (৫৮), মো. ফজলুর রহমান (৬৮), মো. ইউসুফ (৬১), মিষ্টার মিয়া (৫৮), মো. সানিক মিয়া (৫৮), আব্দুর রশিদ (৬০), ফরিদ আহম্মদ, কুড়পাড় এলাকার মো. হাফিজ উদ্দিন মীর (৮০) ও মেদনী গ্রামের মো. আব্দুল ওয়াহাব খান রুনো।
এদের মধ্যে শহীদুর রহমান মাজু ও মো. ইউসুফ মামলা দায়েরের পর মারা গেছেন।
