২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের ‘উত্তাপ’ সড়কে, যানজট

রাত পোহালেই গাজীপুর সিটিতে ভোট। এরই মধ্যে নির্বাচনের উত্তাপ ছড়িয়েছে জাতীয় রাজনীতিতে। তবে নির্বাচনের একদিন আগে ‘উত্তাপ’ পাওয়া গেল সড়কগুলোতে, দীর্ঘ যানজট আর যাত্রীদের বিরক্তিতে।

রিয়াজুল বাশার

ও আবুল হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 02:16 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

নির্বাচনী দায়িত্ব পালনে আসা ১১ হাজার নিরাপত্তা সদস্যদের বহনকারী গাড়ি রাস্তার উপর থেমে থাকায় এই দীর্ঘ যানজট দেখা দিয়েছে বলে অনেকের অভিযোগ।

সকাল থেকেই অধিগ্রহণ করা গাড়ি নিয়ে শহরে ঢুকতে শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের হাজিরা দেয়ার স্থান নির্ধারিত ছিল গাজীপুর পুলিশ লাইনস মাঠে। চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ী পর্যন্ত শহরের মূল সড়কের ওপর এই পুলিশ লাইনস। ফলে সকাল ১০টা বাজার আগেই জট লেগে যায় শহরের প্রধান সড়কে।

সকাল সাড়ে ১১টায় পুলিশ লাইনসের সামনে গিয়ে দেখা যায়, সেখানে রাস্তার ওপর প্রায় আধা কিলোমিটার জায়গা জুড়ে শুধু পুলিশ আর আনসার সদস্য। ইউনিফর্ম পরা হাজার হাজার পুলিশ ও আনসার সদস্যরা জটে আটকে থাকা সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছেন। হাতে অস্ত্র, লাঠির সঙ্গে রয়েছে ব্যক্তিগত ব্যাগ। রাস্তার ওপরেও ব্যাগের স্তূপ। আটকে থাকা বহু গাড়িতেও দেখা গেল পুলিশ সদস্যদের।

আর পুলিশের অধিগ্রহণ করা এসব গাড়ি রাখা হয়েছে শহরের মূল সড়কের ওপর ও বিরি এলাকায়।

এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেনকে। তিনি বলেন, “পুলিশের রিপোর্টিংয়ের কারণে একটু জ্যাম হয়েছিল। প্রায় প্রায় ৪০০ রিক্যুইজিশন করা গাড়ি শহরে ঢুকেছে। এটাও জ্যামের একটা কারণ।”

বিকেল ৫টার দিকে তিনি দাবি করেন, “জ্যাম এখন স্বাভাবিক হয়ে এসেছে।”

শুক্রবার দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে হঠাৎ এই যানজটে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন।

জামিল আহমেদ নামে একজন অটোরিকশা যাত্রী বলেন, “নির্বাচনের আগের দিন এতো জ্যাম কেন তাই তো বুঝতে পারছি না। একেতো গরম, তারপরও এ জ্যামে সব অসহনীয় লাগছে।”

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজের মনোবিজ্ঞানের প্রদর্শক বাবু সমরেন্দ্র সাহা জানান, তিনি এ নির্বাচনে টঙ্গীর একটি ভোট কেন্দ্রে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পেয়েছেন।

সকাল ৯টার দিকে তিনি ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে নির্বাচনী সামগ্রী বুঝে নিতে জেলা শহরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন তাদের ব্যালট পেপার ও ব্যালট বক্স দেয়া হবে সদর উপজেলার বোর্ড বাজার এলাকার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে।

পরে তিনি জেলা শহর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু চান্দনা-চৌরাস্তা থেকে শিববাড়ি আঞ্চলিক সড়কের লক্ষীপুরা গাজীপুর জেলা পুলিশ লাইন এলাকায় গিয়ে তাকে পড়তে হয় দীর্ঘ যানজটে।

এ যানজট অতিক্রম করে তাকে পাঁচ মিনিটের রাস্তা পার হয়ে চান্দনা-চৌরাস্তা এলাকায় পৌঁছাতে লেগে যায় প্রায় এক ঘণ্টা।

রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান জানান, শুক্রবার নির্বাচনের ৩৯২টি কেন্দ্রে ব্যালট ও ব্যালট বাক্স পাঠানো হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে প্রিজাইডং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের মাঝে ভোট সামগ্রী বিতরণ করার কথা থাকলেও সাময়িক অসুবিধার জন্য দুপুর ১২টার দিকে ওইসব সামগ্রী বিতরণ করা হয়।