২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজমতের শুভেচ্ছা, মান্নানের সংবাদ সম্মেলন

রাত পোহালেই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে। প্রচারের সময় ইতোমধ্যে পার হয়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 02:08 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত নবগঠিত এই সিটি কর্পোরেশন।

শুক্রবার শুভেচ্ছা বিনিময় আর সংবাদ সম্মেলন করেছেন মেয়র পদপ্রর্থী আজমত উল্লা খান ও এম এ মান্নান।

আজমতের শুভেচ্ছা বিনিময়

Image
গাজীপুরের মীরেরগাঁও এলাকায় বুধবার গণসংযোগ করেন ১৪ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান।

গাজীপুরের মীরেরগাঁও এলাকায় বুধবার গণসংযোগ করেন ১৪ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান।

আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আজমত উল্লা সকালে তার টঙ্গী বাজারের বাসভবনে এলাকাবাসীর সঙ্গে বৈঠক করেন।

পরে দলীয় নেতা-কর্মী-কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনা শেষে টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে যান।

সেখানে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

দুপুরে টঙ্গী আঞ্চলিক জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ ও দোয়া শেষে বের হয়ে  আউচপাড়ায় এক কর্মীর বাসায় দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেন। 

নামাজের আগে মসজিদে মুসল্লিদের উদ্দেশে আজমত উল্লা বলেন, “আপনারা আমাকে পর পর তিনবার টঙ্গী পৌরসভার মেয়র নির্বাচিত করেছেন। আমি সবসময় আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। এবার সিটি মেয়র নির্বাচিত হলে পূর্বের মতো আমার সর্বশক্তি নিয়োগ করে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব।”

এম এ মান্নানের সংবাদ সম্মেলন

Image
গাজীপুরে নির্বাচনের আগে সোমবার এক মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান।

গাজীপুরে নির্বাচনের আগে সোমবার এক মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় টঙ্গী থানা বিএনপি কার্যালয়ে ১৮ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী এম এ মান্নান এক সংবাদ সম্মেলনে অংশ নেন।

এখানে নির্বাচন নিয়ে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তার প্রধান নির্বাচনী সমন্বয়ক হাসান উদ্দিন সরকার।

তিনি তাদের কর্মীদের মামলা দিয়ে নানাভাবে হয়রানি করার অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নির্বাচন সুষ্ঠু হবে না বলে সংশয় প্রকাশ করেন হাসান উদ্দিন।

এর আগে তিনি টঙ্গী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মান্নান।

সংবাদ সম্মেলনে হাসান উদ্দিন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও টঙ্গী থানা বিএনপির সভাপতি শাহান শাহ্ আলম, জেলা যুবদল সভাপতি মো. সরাফত হোসেন, টঙ্গী থানা বিএনপি সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম শুক্কুরসহ স্থানীয় নেতৃবৃন্দ।