২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামনগর প্রেসক্লাবে সরকার সমর্থকদের তাণ্ডব

সংবাদ প্রকাশের জের ধরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সরকার সমর্থকরা সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 01:54 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শুক্রবার সকালে প্রায় শতাধিক লোক ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মিছিল করে পুলিশের সামনেই এ হামলা চালায়।

এ সময় সাত সাংবাদিককে বেধড়ক পেটানো হয়। ভাংচুরের পর লুটপাট করা হয় প্রেস ক্লাবের মালামালও। পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতারা এ হামলার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় নিন্দা প্রকাশ করে স্থানীয় রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী বিকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

ঘটনার পর থেকে উপজেলা সদরে আতঙ্ক বিরাজ করছে।  

আহতদের মধ্যে প্রেসক্লাব সভাপতি দৈনিক কালের কন্ঠের আকবর কবির, দৈনিক যুগের বার্তার সম্পাদক আনিসুজ্জামান সুমন, দৈনিক সমকালের এস কে সিরাজ, দৈনিক সত্যপাঠ পত্রিকার মারুফ হোসেন, দৈনিক জনতার কামরুজ্জামানকে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালে চিকিৎসারত দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি আকবর কবির জানান, বৃহস্পতিবার শ্যামনগরের নকীপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলাকে কেন্দ্র করে শ্যামনগর সদর ও মাজাট গ্রামের সমর্থকরা বিভক্ত হয়ে পড়ে।

এরই জের ধরে শ্রমিক লীগ নেতা লিয়াকত আলী, যুবলীগের আল মামুন লিটন ও ছাত্রলীগের আব্দুর রহমান ও ছুন্নতের নেতৃত্বে দুই শতাধিক লোক লাটিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে শ্যামনগর বাজারে মহড়া দেয়। এসময় তারা বাজারের কয়েকটি দোকানপাটও ভাংচুর করে।

স্থানীয় পত্রিকায় এ সংবাদ প্রকাশ করা হয়।

এ সংবাদ প্রকাশের জের ধরে  শুক্রবার সকাল ১১টার দিকে শ্রমিক লীগ নেতা লিয়াকত আলী, যুবলীগের আল মামুন লিটনের নেতৃত্বে শতাধিক লোক প্রেসক্লাবে হামলা চালায় বলে অভিযোগ করেন আকবর কবির।

তিনি জানান, হামলার সময় সাংবাদিকদের বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। কয়েকজনের মাথা ফেটে যায়।

এ সময় রামদা দিয়ে কুপিয়ে প্রেসক্লাবের আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। প্রাণভয়ে কয়েকজন সাংবাদিক প্রেসক্লাবের পেছনের কক্ষে আত্মগোপন করলে হামলাকারী সেখানে গিয়েও তাদেরকে পেটায়।

হামলার খবর প্রকাশ করলে সাংবাদিকদের জানে মেরে ফেলার হুমকি দেয় তারা।

এ সময় সাংবাদিকদের বাঁচাতে শ্যামনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জুলহাজ উদ্দিন এগিয়ে আসলে তাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা। এতে তার পা ভেঙে যায়। এ সময় আতংকিত অন্যান্য পুলিশ সদস্যরাও ছুটাছুটি শুরু করেন বলে জানান কালের কণ্ঠের প্রতিনিধি।

শ্যামনগর থানার ওসি আসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি এখন শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি জানান, এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের নেতারা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। ভাংচুরে জড়িত থাকার অভিযোগে পুলিশ আদম আলি নামের এক সরকার দলীয় কর্মীকে গ্রেপ্তার করেছে।

এদিকে হামলার খবর শুনে সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি সুভাষ চৌধুরী, শ্যামনগরের গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলমসহ সাংবাদিক ও রাজনীতিকরা হাসপাতালে ছুটে যান।

তারা এ হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।

শ্যামনগর আওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দার এ হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।