‘মান্নানের সংবাদ সম্মেলন বিধি লঙ্ঘনের শামিল’
ভোটের আগের দিন সংবাদ সম্মেলন করে ১৮ দল সমর্থিত প্রার্থী এম এ মান্নান আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান।
শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, “উনি এ ধরনের প্রেস কনফারেন্স করতে পারেন না। প্রকারন্তরে এটি নির্বাচনী প্রচারণা হয়, যেটা বৈধ নয়। তাই এটা করার কোনো সুযোগ নেই।”
এর আগে বেলা সোয়া ৩টার দিকে টঙ্গী থানা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এম এ মান্নান সিটি কর্পোরেশন নির্বাচনের ফল ঘোষণার পদ্ধতিতে নিয়ে অভিযোগ করেন।
এ বিষয়ে সাংবাদিকরা রিটার্নিং কর্মকর্তার কাছে জানতে চান- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মান্নানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না।
জবাবে তিনি বলেন, “এটি আমাদের নোটিসে এলে পরীক্ষা করে ব্যবস্থা নেব। যদিও উনি এটা এভাবে করেছেন, তারপরও একটা বিষয় আছে। একজনের বিরুদ্ধে নোটিস করতে হলে কিছু এভিডেন্স দরকার হয়। তা পাওয়ার পর পরই ব্যবস্থা নেয়া হবে।”
এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন মতিয়ার রহমান।
বৃহস্পতিবার মধ্যরাতে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। শুক্রবার এম এ মান্নান সালনার নিজ বাড়ি থেকে টঙ্গীতে গিয়ে জুম্মার নামাজ পড়েন। পরে সংবাদ সম্মেলন করে তিনি বিভিন্ন অভিযোগ করেন।
টঙ্গী থানা বিএনপি কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মান্নানের নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কারী হাসান উদ্দিন সরকার।
মান্নান অভিযোগ করেন, সরকারের মন্ত্রী এমপিরা নির্বাচনে প্রভাব বিস্তার করছে, আজমত উল্লা কালো টাকা ছড়াচ্ছে। ফল বিপক্ষে গেলে এলাকার জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ বিষয়ে নির্বাচন কর্মকর্তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন, উনি তো সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, তারপরও কি আপনাদের গোচরে আসেনি?
জবাবে মতিয়ার রহমান বলেন, “হ্যা, এটি আমার গোচরে আসলো। নোটিস করার আগে আমার কিছু এভিডেন্স দরকার হয়। সেটি আমি পাওয়ার সাথে সাথে সে কাজটি আমি অবশ্যই করবো।”
নির্বাচনের ফল ঘোষণার পদ্ধতি নিয়ে মান্নানের অভিযোগে বিষয়ে এই নির্বাচন কর্মকর্তা বলেন, “কেন্দ্রে ফলাফল সব প্রার্থী অথবা পোলিং এজেন্টদের সামনে গণনা ও ঘোষণা হয়। প্রার্থী অথবা পোলিং এজেন্টদের ওই ফলের একটি কপি দেয়া হয়।”
“একই ফর্মুলা অনুযায়ী, প্রিজাইজিং একটি ফলাফল সিট রিটার্টিং অফিসারের কাছে জমা দেন। রিটার্নিং অফিসার ফল মাইকে ঘোষণা দেন, সাথে সাথে নির্বাচন কমিশনে প্রেরণ করা হয়, যা সবাই ওয়েবসাইটে দেখতে পারেন। সর্বশেষ সব কেন্দ্রের ফলাফল পাওয়ার পর যিনি সর্বোচ্চ ভোট পান তাকে বেসরকারিভাবে নির্বাচিত করা হয়।”
সব নির্বাচনেই এ ধরনের পদ্ধতি অনুসরণ করা হয় বলেও জানান তিনি।
