২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে আবারো খুন

খাগড়াছড়ির মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলা সীমান্তে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) এক কর্মীকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 12:32 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

সংঘাতময় পরিস্থিতির মধ্যে শুক্রবার দুপুরে কুমারী তিনট্যহরী এলাকায় এ হামলায় নিহত হন উমং মারমা (৫০)।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) লক্ষ্মীছড়ি উপজেলা সভাপতি ধীমান চাকমা বলেন, উমং মারমা শান্তি বাহিনীর আত্মসমর্পন করা সদস্যদের একজন ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সন্তু লারমা গ্রুপের সক্রিয় কর্মী ছিলেন।

তবে, কারা তাকে হত্যা করেছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।

এ নিয়ে গত এক সপ্তাহে খাগড়াছড়িতে পাঁচজন খুন হল।

স্থানীয়দের বরাত দিয়ে মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী জানান, দুপুর দেড়টার দিকে স্থানীয় একটি দোকানে বসে চা খাওয়ার সময় ৩/৪ জন মুখোশপরা লোক কাছ থেকে তাকে  গুলি করে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্গম পাহাড়ি এলাকায় এ হামলা হওয়ায় লাশ উদ্ধারে বিলম্ব হচ্ছে বলে তিনি জানান।

গত মঙ্গলবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জেএসএসের (এমএন লারমা) একজন, বৃহস্পতিবার পানছড়িতে ইউপিডিএফের একজন ও জেএসএসের (এমএন লারমা) একজন এবং শনিবার (২৯ জুন) পানছড়িতে জেএসএসের (এমএন লারমা) একজন খুন হন।