আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় ভোট শনিবার
নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় ভোট গ্রহণ হবে শনিবার।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট দেবেন এ দুই পৌরসভার ভোটাররা।
আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও সহকারী রিটার্নিং অফিসার মো. জালালউদ্দিন জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে দুপুরের পর থেকে ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ নিবার্চনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে।
সহিংসতার কোনো আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সর্তক অবস্থায় রাখা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেয়া হবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে নির্বাচনের একদিন আগে শুক্রবার বিকালে আড়াইহাজার বাজারে মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী চশমা প্রতীককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন দুই প্রার্থী পৌর আওয়ামী লীগ সভাপতি মেহের আলী (জাহাজ) ও সাবেক ভিপি কাজী সুজন ইকবাল (কাপ পিরিচ)।
নির্বাচনে আড়াইহাজার পৌরসভায় মেয়র পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর ৪৯ জন।
এরমধ্যে ৭নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাতেম আলীকে কাউন্সিলর হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।
অন্যদিকে গোপালদী পৌরসভায় মেয়র পদে তিনজন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৭ ও সরক্ষতি কাউন্সিলর পদে ১১ জন প্রতিন্দ্বন্দ্বিতা করছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আখতার মোর্শেদ জানান, পৌর নির্বাচনে অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে দুটি পৌরসভায় পাঁচটি করে মোট ১০টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
এছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম, পুলিশের মোবাইল টিম এবং চেকপোস্ট থাকবে। এছাড়া নির্বাচনের ভোট গ্রহণ ও নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে মাঠে থাকছে বিপুল সংখ্যক পুলিশ।
