চাঁদপুরে রূপালী ব্যাংকে চুরির চেষ্টা, আটক ১
চাঁদপুর শহরে রূপালী ব্যাংকের নাজিরপাড়া শাখায় বৃহস্পতিবার রাতে চুরি চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
এ সময় মেহেদী হাসান (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মেহেদী হাজীগঞ্জ উপজলোর রাজারগাঁও গ্রামের মো. আবদুল ছাত্তারের ছেলে।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, ব্যাংকের ভবনটির ২য় তলায় রয়েছে ফ্যামিলি বাসা। রাতে ব্যাংকে ঠুনঠান আওয়াজ শুনতে পেয়ে তারা থানায় ফোন দেয়।
“এরপর ফোর্স নিয়ে এসে একজনকে আটক করতে সক্ষম হই। তবে তার সঙ্গে থাকা দুজন পালিয়ে যায়। তারা ব্যাংক থেকে কোনো কিছু সরানোর সুযোগ তারা পায়নি,” বলেন এসআই নাজমুল।
আটক মেহেদী হাসান পুলিশকে জানান, “ব্যাংকে চুরি করতে আমার বন্ধু মাসুদ ও রানাসহ তিনজন আসি। ঘরের ভেন্টিলেটর ভেঙে আমি ভেতরে ঢুকি, আর তারা বাইরে থাকে। পুলিশ আসলে তারা পালিয়ে যায়।”
