২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি স্টেশনের ধর্মঘট প্রত্যাহার

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হাইকে প্রত্যাহারের পর অন্যান্য দাবি পূরণের আশ্বাস পেয়ে ধর্মঘট তুলে নিয়েছে সিএনজি রিফুয়েলিং স্টেশন মালিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 07:03 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুল হোসেন চৌধুরী দীপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। উনারা আমাদের দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছি।” 

তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে ম্যাজিস্ট্রেট আবদুল হাইকে যথাযথ শাস্তি দেয়া, বিদ্যুতের দাম বাড়ার সঙ্গে সমন্বয় করে সিএনজির কমিশন পুনর্নির্ধারণ, বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার বাধ্যবাধকতা তুলে নেয়া এবং নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া।

পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী দাবি পূরণের আশ্বাস দিয়ে শিগগিরই জ্বালানি সচিবকে প্রধান করে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন।                                                       

জ্বালানি সচিব আজমল হোসেন ও পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুরও বৈঠকে উপস্থিত ছিলেন।

হয়রানি ও বেআইনি জরিমানার অভিযোগে ওই ম্যাজিস্ট্রেটের অপসারণের দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে সারা দেশে সিএনজি রিফুয়েলিং স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়। ফলে সিএনজি চালিত গাড়ি ও অটোরিকশার চালকদের প্রায় ছয় ঘণ্টা ভোগান্তি পোহাতে হয়।

বেলা সাড়ে ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসার পর সিএনজি স্টেশনগুলোতে আবার গ্যাস বিক্রি শুরু হয়।

একটি রিফুয়েলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে ঘুষ দাবির অভিযোগে সিলেটে বৃহস্পতিবার দুপুর থেকেই সিএনজি ফিলিং স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা থেকে আসা পেট্রোবাংলার একটি প্রতিনিধি দল সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে অভিযান শুরু করে।

তারা প্রথমেই নগরীর সোবহানীঘাটে মহানগর বিএনপির সভাপতি এম এ হকের মালিকানাধীন বেঙ্গল গ্যাসোলিন ফিলিং স্টেশনে যান এবং গত পাঁচ বছরে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিক্রির কাগজপত্র দেখতে চান। কিন্তু ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কাগজপত্র না দেখিয়ে ওনার্স গ্রুপের নেতাদের খবর দেন।

এ সময় ম্যাজিস্ট্রেট জরিমানা করতে চাইলে ওনার্স গ্রুপের নেতারা ম্যাজিস্ট্রেট আবদুল হাইকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বলে সিলেট কোতোয়ালী থানার ওসি নাসির উদ্দিন মোহাম্মদ জানান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হাইয়ের অপসারণ দাবিতে সন্ধ্যায় সিলেট-ঢাকা মহাসড়কের চণ্ডিপুল, সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ ও সিলেট-তামাবিল সড়কের পীরের বাজারে সড়ক অবরোধ করে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের লোকজন।

এরপর সিলেটের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি শুক্রবার সকাল থেকে সারা দেশে ধর্মঘটের সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার রাতে ওনার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি মন্ত্রণালয়ের একজন ম্যাজিস্ট্রেট গত কিছুদিন ধরে বিভিন্ন সিএনজি স্টেশনে গিয়ে মালিকদের ‘হয়রানি’ এবং ‘বেআইনিভাবে’ লাখ লাখ টাকা জরিমানা করছেন।

“এর ধারাবাহিকতায় গত ২২ মে ঢাকার মুগদার শান্ত সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে সংযোগ বিছিন্ন করে স্টেশনের মিটার নিয়ে যান ম্যাজিস্ট্রেট। তিনি মিটারটি বেআইনীভাবে এক মাসের বেশি সময় নিজের হেফাজতে রাখেন।”

গত ২৬ জুন পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলোর সঙ্গে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির এক যৌথ সভা হয়, যেখানে গ্যাসের ‘ডেনসিটি ফ্যাক্টর’ নির্ধারণে বিএসটিআইয়ের সমন্বয়ে এক যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

“এই কমিটির কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ম্যাজিস্ট্রেট সিএনজি স্টেশনে হয়রানি করবেন না বলে ওইদিন সমিতির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন পেট্টোবাংলার চেয়ারম্যান।

“কিন্তু ওই ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবারও সিলেটের বেঙ্গল গ্যাসোলিন সিএনজি স্টেশনে গিয়ে হয়রানি করেন। এর প্রেক্ষিতে সিলেট বিভাগীয় শাখা এক জরুরি সভায় অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেয়।”

এই পরিস্থিতিতে শুক্রবার সকালে আব্দুল হাইকে প্রত্যাহারের আদেশ দেয়া হয় বলে সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানান।

এদিকে হঠাৎ করেই ধর্মঘটের ঘোষণা আসায় রাতে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন রিফুয়েলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। শুক্রবার সকাল ৬টা থেকে দেশের অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস দেয়া বন্ধ থাকে।

সকালে রাজধানীর কমলাপুরের জামান সিএনজি স্টেশন, মালিবাগের ভি এনার্জি স্টেশন, মুগদার শান্তি সিএনজি স্টেশন, মগবাজারের অনুদীপ ও যমুনা সিএনজি স্টেশনসহ কারওয়ানবাজার, বাড্ডা ও মহাখালীর বিভিন্ন এলাকার কয়েকটি গ্যাস স্টেশন ঘুরে সেগুলো বন্ধ দেখা যায়। 

কর্মচারীরা জানান, মালিক সমিতির নির্দেশনা অনুযায়ী তারা গ্যাস বিক্রি বন্ধ রেখেছেন।

শ্যামলী থেকে মগবাজারের অনুদীপ সিএনজি স্টেশনে এসে গ্যাস না পেয়ে ফিরে যান প্রাইভেট কার চালক হারুন।

তিনি বলেন, “আমি ধর্মঘটের খবর জানতাম না। সকাল থেকে গ্যাসের জন্য ঘুরছি। কোথাও গ্যাস দিচ্ছে না।”

কমলাপুরের অটোরিকশা চালক রশিদ বলেন, “কাল রাতে ধর্মঘটের বিষয়টা জানতে পারি নাই। এখন কেউ গ্যাস দিচ্ছে না। আমি তো বিপদে পড়ে গেলাম।”

দুপুরে সিএনজি স্টেশনগুলো খোলার পর অনেক স্টেশনেই গ্যাস নিতে আসা গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়।

বর্তমানে দেশে সাড়ে পাঁচশর বেশি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে বলে মালিক সমিতির নেতারা জানান।

পুরনো খবর:

ম্যাজিস্ট্রেট প্রত্যাহার, বৈঠকে সিএনজি স্টেশন মালিকরা
সিএনজি বিক্রি বন্ধ, বিপাকে চালকরা