২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিন কাদেরকে জেরা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর জেরা শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 04:19 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

এ মামলায় প্রথম সাফাই সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নয়দিন সাক্ষ্য দেয়ার পর মঙ্গলবার তাকে জেরা করা শুরু করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তাকে জেরা করা হয়।

জেরা শেষে আগামী ৮ জুলাই মামলার দ্বিতীয় সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আদালতের কার‌্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।

গত ১৭ জুন মামলার প্রথম সাফাই সাক্ষী হিসেবে জবানবন্দি দেয়া শুরু করেন সালাউদ্দিন কাদের চৌধুরী।

২ জুলাই নবম দিনে এসে নিজের সাফাই সাক্ষ্য শেষ করেন বিএনপির এই নেতা। ওইদিনই তাকে জেরা করা শুরু করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।

সাক্ষ্যে তিনি দাবি করেন, তিনি রাজনৈতিক ‘জুলুমবাজি’র শিকার। ১৯৭১ সালের ২৯ মার্চ থেকে ‘১৯৭৪ সালের এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন না।

বৃহস্পতিবার জেরার একপর্যায়ে বাংলা নিজের মাতৃভাষা নয় বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের। ‍তিনি দাবি করেন, তার মাতৃভাষা চাটগাঁইয়া। চাটগাঁইয়া ভাষার বর্ণমালা আছে বলেও দাবি করেন তিনি।

১৯০৫ সালের বঙ্গভঙ্গের সময় চট্টগ্রাম ও চট্টগ্রামবাসী আলাদা কোনো জাতিসত্ত্বা ছিল না- এ প্রশ্ন অস্বীকার করে সালাউদ্দিন কাদের দাবি করেন, সেটি ব্রিটিশ ঔপনিবেশিক আইনবলে করায় গ্রহণযোগ্য নয়।

প্রসিকিউটর জেয়াদ আল মালুম তখন বলেন, বঙ্গভঙ্গের আইনবলেও চট্টগ্রাম ও চট্টগ্রামবাসী আলাদা কোনো জাতিসত্ত্বার স্বীকৃতি পায়নি- এটা জানা সত্ত্বেও এ সত্য গোপন করে ট্রাইব্যুনালে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অসত্য বক্তব্য দিয়েছেন সালাউদ্দিন।

এরপরে প্রসিকিউটর প্রশ্ন করেন, আপনি বাংলাদেশের সংবিধান দেশের সর্বোচ্চ আইন এটা আপনি মানেন না।

জবাবে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের সর্বোচ্চ আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এটা সত্য। তবে আর্টিকেল ১৫৩ অনুযায়ী এই সংবিধানের কার‌্যকারিতা ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর হতে এবং এই সংবিধানের কোনো আর্টিকেল ভূতপূর্ব দেয়ার কোনো বিধান নেই।

প্রসিকিউটর বলেন, আপনার ১৮/০২/২০১৩ তারিখে উদ্ধৃত বক্তব্য সংবিধানের প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক এবং সংবিধান অবমাননার সামিল।

এ সময় সালাউদ্দিন জানতে চান, সংবিধানের কোন আর্টিকেলের সঙ্গে সাংঘর্ষিক?

এরপরে প্রসিকিউটর বেশ কয়েকটি অনুচ্ছেদের কথা উল্লেখ করলেও সেখানে কী লেখা আছে তা না বলায় তিনি বলেন, যেহেতু সংবিধানের কোন অনুচ্ছেদ উল্লেখ করা হয়নি, তাই আমার পক্ষে এর উত্তর দেয়া সম্ভব নয়।

সাক্ষ্যে ১৮ তারিখে সালাউদ্দিনের দেয়া বক্তব্যে তিনি বলেন, আমি জন্মসূত্রে চাটগাঁইয়া। চট্টগ্রামের মানুষের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধসহ একটি জাতির দাবি করার মতো সবধরনের বৈশিষ্ট্য রয়েছে। তাদের দাবি করার মতো নিজস্ব পরিচয় রয়েছে।

দ্বিতীয় দিনের মতো জেরার এক পর‌্যায়ে তিনি আবারো উল্লেখ করেন যে, তাকে ফাঁসি দেয়া হবে তা তিনি জানেন।

এ সময় বিচারক জাহাঙ্গীর হোসেন তাকে বলেন, আপনি প্রতিদিনই একই কথা বলেন।

এরপরে চেয়ার‌ম্যান এটিএম ফজলে কবীর বলেন, “চৌধুরী সাহেব, আমি ৩৮ বছর ধরে চাকরি করছি। নিম্ন আদালতে কাজ করেছি ৩১ বছর ধরে। আসামিদের বলতে শুনেছি, আমি নির্দোষ। কখনো কোনো আসমিকে বলতে শুনিনি, আমাকে ফাঁসি দিয়ে দেন।”

“১০-১২ বছর আগে একটি প্রবন্ধ পড়েছিলাম বিদেশি পত্রিকায়। সেখানে লেখা ছিলো, কোনো অপরাধীর অপরাধের পরিমাণ যখন অনেক বেশি হয়, তার অনুশোচনার মাত্রা যখন অনেক বেড়ে যায়, তখন সে বারবার বলতে থাকে, আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই। আপনারা আমাকে মেরে ফেলুন।”

চেয়ারম্যান বলেন, “চৌধুরী সাহেব কেন এটা বলেন তা আমরা জানি না। ১৯৭১ সালে তিনি কী করেছেন তাও আমরা জানি না, কিন্তু প্রায়ই উনি যে কথাটা বলেন তা শুনে আমার ওই প্রবন্ধটির কথাই বারবার মনে পড়ে।”

“তবে আপনার ইচ্ছা বা মনোবাসনা পূরণ করা আমাদের পক্ষে কখনোই সম্ভব হবে না, যদি আমরা উপযুক্ত সাক্ষী না পাই।”

এর উত্তরে সালাউদ্দিন কাদের বলেন, “এখানেও একটা বিচার হচ্ছে, গাজীপুরে ৬ তারিখে একটা বিচার হবে। সেই বিচারেও একটা রায় পাবে। চারটা রায় তো হয়েই আছে।”

তখন বিচারক জাহাঙ্গীর হোসেন বলেন, কোনো কথা আপনার পছন্দ না হলেই আপনি এ কথা বলেন।

এর উত্তরে সালাউদ্দিন বলেন, “না, মাঝেমাঝে হতাশ হই বলেই এ কথাটা বলি।”

প্রসিকিউটর আরো বলেন, ১৯৭১ সালের ২০ সেপ্টেম্বর চট্টগ্রামে গেরিলা বাহিনীর হামলায় আহত হয়ে সালাউদ্দিন কাদের হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন এবং ওই ঘটনায় তার গাড়িচালক মারা যায়। পিপিআই পরিবেশিত এ সংক্রান্ত খবর তার বাবা ফজলুল কাদের চৌধুরীর তথ্যের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর দৈনিক পাকিস্তান পত্রিকায় প্রকাশিত হয় এবং এ ঘটনা ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে গোপন করা হয়েছে।

প্রসিকিউটর বলেন, চিকিৎসা গ্রহণ শেষে ১৯৭১ সালের শবে-বরাতের রাতে গা-ঢাকা দিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান সালাউদ্দিন কাদের।

উত্তরে সালাউদ্দিন কাদের বলেন, এ কথা সত্য নয়, কারণ ২০ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর তিনি ‘তৎকালীন পূর্ব পাকিস্তানে’ উপস্থিত ছিলেন না।

জেরার বিভিন্ন পর‌্যায়ে সালাউদ্দিন কাদের আবারও দাবি করেন, ১৯৭১ সালের ২৯ মার্চ থেকে ১৯৭৪ সালের ২০ এপ্রিল পর‌্যন্ত তিনি ‘তৎকালীন পূর্ব পাকিস্তানে’ উপস্থিত ছিলেন না।

তিনি নিজেকে নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।

এ সময় প্রসিকিউটর তাকে প্রশ্ন করেন, আপনি তো আপনার সাক্ষ্যে একবারও নিজেকে নির্দোষ দাবি করেননি।

জবাবে সালাউদ্দিন বলেন, যেহেতু আমি দেশেই ছিলাম না, সেহেতু নির্দোষ দাবি করার কিছু নেই। আমি যেখানে দোষই করিনি, সেখানে নির্দোষ দাবি করবো কেন?   

সালাউদ্দিন কাদেরের পক্ষে তিনি নিজেসহ পাঁচজন সাফাই সাক্ষ্য দেবেন বলে নির্ধারণ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী গত ২৭ জুন বাকি চারজন সাক্ষীর নামের তালিকাও ট্রাইব্যুনালে জমা দেয় আসামিপক্ষ।

ওই তালিকায় রয়েছেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমান (আহমেদ সালমান ফজলুর রহমান), এশিয়া প্যাসিফিক ‌ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক প্রধান বিচারপতি মাঈনুর রেজা চৌধুরীর ভাই কাইয়ুম রেজা চৌধুরী, নিজাম আহমেদ ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শামীম হাসনাইন।   

তাদের মধ্যে সাফাই সাক্ষী বিচারপতি শামীম হাসনাইন হাইকোর্ট বিচারক হওয়ায় তিনি ছাড়া বাকি তিনজনের নামে ইতোমধ্যেই সমন জারি করেছে ট্রাইব্যুনাল। গত ২৭ জুনই এ সমন জারি করা হয় বলে জানিয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর একজন জুনিয়র আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।

সমন জারি সংক্রান্ত ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, শামীম হাসনাইন হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সম্মতি ছাড়া তার নামে কোনো তলব নামা জারি করা হবে না।

এর আগে তার বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ প্রসিকিউশনের ৪১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছে।

এছাড়া অন্য চার সাক্ষী মৃত জ্যোৎস্না পাল চৌধুরী, মৃত জানতি বালা চৌধুরী ও মৃত আবুল বশর এবং ভারতে থাকা বাদল বিশ্বাসের তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকেই সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।

২০১০ সালের ২৬ জুন হরতালের আগের দিন রাজধানীর মগবাজার এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে তার বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়। ওই মামলায়ই ২০১০ সালের ১৬ ডিসেম্বর ভোরে বনানীর এক বাসা থেকে তাকে আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। 

পরে ১৯ ডিসেম্বর ট্রাইব্যুনাল গ্রেপ্তার দেখানো হয় বিএনপির এই নেতাকে। ৩০ ডিসেম্বর আদালতের নির্দেশে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়।

গতবছরের ৪ এপ্রিল সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট ৭২টি ঘটনায় ২৩টি অভিযোগের ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়। ওই বছরের ১৪ মে থেকে তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।