বোয়ালমারীতে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুমাইয়া(১২) রাজাবেণী গ্রামের মতিয়ার রহমান মোল্লার মেয়ে।
বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন জানান, বুধবার সন্ধ্যায় নিজ গ্রামে একটি রাস্তার পাশ থেকে সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, বুধবার সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে পায়ে হেঁটে তিন কিলোমিটার দূরে স্থানীয় দাদপুর মহিলা মাদ্রাসায় পড়তে যায় সুমাইয়া। বিকেলে ওই গ্রামের রথখোলা এলাকায় রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয় স্থানীয়রা।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের বাবা মতিয়ার রহমান বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।
ওসি বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
