রংপুর মেডিকেলে বার্ন ইউনিট চালু
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট চালু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা আনুষ্ঠানিকভাবে এ ইউনিটে চিকিৎসা সেবার সূচনা করেন।
এ সময় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি আবু তালেবসহ বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
গত বছরের ৪ মে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ ইউনিট উদ্বোধন করেন।
বার্ন ও সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মারুফুল ইসলাম জানান, ১৬ শয্যার এ ইউনিটে আধুনিক যন্ত্রপাতিসহ অপারেশন থিয়েটার রয়েছে।
এখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষণপ্রাপ্ত দুজন চিকিৎসক (রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রার) এবং প্রশিক্ষণপ্রাপ্ত চারজন কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা বলেন, ইউনিটটি চালু হওয়ায় এ অঞ্চলের মানুষকে আর ঢাকায় ছুটে যেতে হবে না। এখন থেকে এখানেই আগুনে পোড়া, ঠোঁটকাটা, তালুকাটা, মুখমণ্ডলের বিভিন্ন দাগ ও তিল অপসারণের জন্য প্রয়োজনীয় চিকিৎসা দেয়া যাবে।
